পাটগ্রাম ও হাতীবান্ধা চার দিন বিদ্যুৎবিহীন
লালমনিরহাটের পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় চার দিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। এতে চরম দুর্ভোগে পড়েছেন মানুষজন। ব্যবসা-বাণিজ্যে ধস নেমেছে।
জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাটগ্রাম কার্যালয়ের আবাসিক নির্বাহী প্রকৌশলী (বিতরণ) আবদুল মতিন গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটায় বলেন, ‘লালমনিরহাটের সাপটানা এলাকায় ৩৩ কেভি সঞ্চালন গ্রিডে অগ্নিকাণ্ডের কারণে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ট্রান্সমিটারের মেরামতসহ ৩৩ কেভি সঞ্চালন লাইনের মেরামতের কাজ শেষের পর্যায়ে। আশা করছি, আজ সন্ধ্যার (গতকাল বৃহস্পতিবার) মধ্যে বিদ্যুৎ-সংযোগ দেওয়া যাবে।’
খোঁজ নিয়ে জানা যায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ দুটি উপজেলায় বিদ্যুৎ আসে। কিন্তু রাত আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটবার যাওয়া-আসা করে। ১০ মিনিট থাকে, তো পরের আধা ঘণ্টায় বিদ্যুতের খবর নেই।
পিডিবির পাটগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার রাত ১২টার সময় লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার ছিঁড়ে যাওয়ায় পাটগ্রাম ও হাতীবান্ধার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মঙ্গলবার বেলা একটার দিকে এর মেরামতকাজ শেষ হয়। কিন্তু এর পরপরই লালমনিরহাটের সাপটানা এলাকার ওই ৩৩ কেভি সঞ্চালন লাইনে গ্রিডের ট্রান্সমিটারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পাটগ্রাম পৌর বাজারের ওষুধ ব্যবসায়ী মোক্তার হোসেন বলেন, ‘ফ্রিজে রাখা ওষুধ নষ্টের উপক্রম হয়ে গেছে। বিদ্যুৎ না থাকায় আমরা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।’
পৌর শহরের গৃহিণী হাসিনা বেগম বলেন, এমনিতেই সারা দিন বিদ্যুৎ যাওয়া-আসার মধ্যে থাকে। কিন্তু টানা চার দিন প্রায় বিদ্যুৎবিহীন অবস্থায় দিন কেটেছে তাঁদের।
সাপটানার ৩৩ কেভি সঞ্চালন গ্রিডের মেরামতকাজ শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে পাটগ্রামে গত মঙ্গলবার মাইকিং করা হয়।