পাটগ্রাম ও হাতীবান্ধার রোগীদের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একমাত্র এক্স-রে যন্ত্রটি আট বছর ধরে বিকল। পাশের হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি বিকল রয়েছে প্রায় ১০ বছর। এতে ওই দুই উপজেলার রোগীদের জেলা সদর বা রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এক্স-রে করাতে হচ্ছে।
পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ২০০০ সালে আগস্ট মাসে স্বাস্থ্য মন্ত্রণালয় এক্স-রে যন্ত্র সরবরাহ করে। ২০০৭-এর ফেব্রুয়ারিতে সেটি স্থাপন করা হয়। কিন্তু কয়েক দিন পরই যন্ত্রটি বিকল হয়ে যায়।
এদিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে যন্ত্রটি ২০০৫ সালের আগস্টে সরবরাহ করা হয়। ওই মাসে স্থাপন করার কয়েক দিন পরই এটি বিকল হয়ে যায়। এতে পাটগ্রামের রোগীদের ৯০ কিলোমিটার দূরে জেলা শহর অথবা ১৩৬ কিলোমিটার দূরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেতে হচ্ছে। আর হাতীবান্ধার রোগীরা ৫২ কিলোমিটার দূরে জেলা শহর অথবা ১০০ কিলোমিটার দূরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে পরীক্ষা করাচ্ছেন।
সরেজমিনে গতকাল শনিবার পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কথা হয় কুচলিবাড়ী ইউনিয়নের কুচলিবাড়ী গ্রামের কৃষক লিয়াকত মিয়ার সঙ্গে। তিনি বলেন, ‘গরু আনিবার জেয়া বুকোত ডাং (ব্যথা) লাগে। এই জন্য ডাক্তার দেখানু বাহে। ডাক্তার কইছে, বুকের পরীক্ষা (এক্স-রে) করিবার নাগিবে। ডাক্তারের রুম থাকি বেড়েয়া শুনো এটেকার পরীক্ষার মেশিন নাকি খারাপ হইচ্ছে। এলা লালমনিরহাট বা রংপুরোত জেয়া পরীক্ষা (এক্স-রে) করিবার নাগিবে।’
হাতীবান্ধা রেলস্টেশনের হোটেল কর্মচারী আজিজার রহমান বলেন, ‘কয়েক দিন আগে আমার হাত ভেঙে গেলে হাসপাতালে যাই। কিন্তু এক্স-রে মেশিন বন্ধ থাকায় পরে রংপুর যেতে হয়েছে।’
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, বিকল হওয়ার পরই যন্ত্রটি মেরামতের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। পরে গত বছরের ডিসেম্বর মাসে মেরামতের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রকৌশলীরা আসেন। কিন্তু সেটি মেরামতের চেষ্টা করে তাঁরা ব্যর্থ হন। যন্ত্রটির জন্য যেসব যন্ত্রাংশের প্রয়োজন, তা সংশ্লিষ্ট কোম্পানিতে পাওয়া গেলেই মেরামত করা সম্ভব বলে জানিয়েছেন তাঁরা। একই কথা বললেন হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রমজান আলীও।