পাটগ্রাম পশুর হাটে জাল টাকা শনাক্তকরণ বুথ স্থাপন
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রসুলগঞ্জ গরুর হাটে জাল টাকা শনাক্তকরণের একটি বুথ বসানো হয়েছে। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) পাটগ্রাম শাখার উদ্যোগে গতকাল রোববার এটি বসানো হয়। রসুলগঞ্জ সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে জাল টাকার লেনদেন হওয়ার ঝুঁকি বেশি থাকায় ক্রেতা-বিক্রেতার স্বার্থে বুথটি বসানো হয়েছে।
হাট ব্যবস্থাপনা কমিটি সূত্র জানায়, সপ্তাহের রোব ও বৃহস্পতিবার পশুর হাট বসে। দেশের অন্যান্য এলাকার তুলনায় এখানে তুলনামূলক কম দামে কোরবানির পশু পাওয়া যায়, বেচা-বিক্রিও হয় বেশি। অপর দিকে সীমান্তবর্তী হওয়ায় এখানে জাল টাকা লেনদেনের ঝুঁকিও থাকে বেশি। তাই ক্রেতা-বিক্রেতারা যাতে প্রতারিত না হন, সে জন্য রাকাব বাংলাদেশ ব্যাংকের নির্দেশে এখানে জাল টাকা শনাক্তকরণে বুথ বসিয়েছে।
উপজেলার পানবাড়ি থেকে আসা গরু বিক্রেতা ইব্রাহিম মিয়া বলেন, ‘জাল নোট দিয়া এলা হামাক ঠোকাবের পাবে না। খুব ভালো হয়েছে এ মেশিন বসেয়া বাহে।’
রাকাব পাটগ্রাম শাখার ব্যবস্থাপক এ কে এম শরিফুল ইসলাম বলেন, ‘সীমান্তবর্তী এ গরুর হাটটিতে জাল টাকা লেনদেনের ঝুঁকি বেশি থাকায় বাংলাদেশ ব্যাংকের নির্দেশে আমরা এখানে শনাক্তকরণ বুথ বসিয়েছি।’