পাটগ্রাম সীমান্তে দুই বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ী সীমান্তে গতকাল বুধবার ভারতীয় চা-বাগানের বেড়া নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুই বাংলাদেশি আহত হয়েছেন।
সংঘর্ষে আহত ব্যক্তিরা হলেন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মিঠাইবাড়ী গ্রামের আবদুল আলিম (৪০) ও একই এলাকার আবদুর ছাত্তার (৩৫)। এলাকাবাসী তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্র জানায়, দুপুরে মিঠাইবাড়ী সীমান্তে ৮৪৫ মেইন পিলারের কাছে ভারতের পানিশালা গ্রাম এলাকায় চা-বাগানের জন্য শূন্যরেখা বরাবর বাঁশের বেড়া নির্মাণের কাজ শুরু করেন ভারতীয় লোকজন। এ সময় ওই এলাকায় বাংলাদেশি কৃষকেরা তাঁদের সীমান্তের জমিতে বেড়া নির্মাণে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। বাংলাদেশি আবদুল আলিম ও আবদুর ছাত্তার গুরুতর আহত হন। এ ছাড়া ভারতের তিন নাগরিক আহত হন বলে বিজিবি সূত্র জানায়।
বিজিবি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শফিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় পক্ষের মধ্যে ভুল-বোঝাবুঝি হয়েছিল।