পাটগ্রামে আতঙ্ক ছড়াতে আগুন
লালমনিরহাটের পাটগ্রামে এক রাতে একটি ঘর ও চারটি খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এর মধ্যে সংখ্যালঘু এক পরিবারের একটি খড়ের পালাও রয়েছে। এদিকে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যেতে উপজেলার চারটি স্থানে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
নির্বাচন সামনে রেখে এবং পাটগ্রামে ঘটে যাওয়া সাম্প্রতিক সহিংসতার জের ধরে আতঙ্ক ছড়াতে এসব ঘটনা ঘটানো হচ্ছে বলে ধারণা করছে পুলিশ ও এলাকাবাসী।
জানা গেছে, গত বুধবার রাত আটটার দিকে পাটগ্রামের কুচলিবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছিট পানবাড়ী গ্রামের জমির উদ্দিনের বাড়ির একটি জ্বালানি কাঠ রাখার ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর কিছুক্ষণ পর দুর্বৃত্তরা থানিয়টারী গ্রামের তহিদার রহমানের বাড়ির সামনে থাকা খড়ের পালায় আগুন দেয়। পরে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালায়। রাত সাড়ে নয়টার দিকে একই ওয়ার্ডের দীঘলটারী গ্রামের মোফা মিয়ার খড়ের পালায় আগুন দেওয়া হয়। গতকাল ভোর চারটার দিকে বুড়িমারী স্থলবন্দর বাজারের ব্যবসায়ী অঞ্জন সাহার বাড়ির খড়ের পালা আগুন দিয়ে পুড়িয়ে দেয় দৃর্বৃত্তরা।
পাটগ্রাম ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা শাহাজালাল জানান, কুচলিবাড়ী ইউনিয়নে দুই ঘণ্টার ব্যবধানে তিনটি বাড়ির খড়ের পালায় এবং বুড়িমারী স্থলবন্দর বাজারের পাশে ব্যবসায়ী অঞ্জন সাহার বাড়ির খড়ের পালায় রাত চারটার দিকে আগুন দেওয়া হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। গতকাল সরেজমিনে দেখা যায়, একই রাতে তিনটি পরিবারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় এলাকাবাসীদের মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সম্প্রতি পাটগ্রামে বিভিন্ন এলাকায় রাজনৈতিক সহিংসতার জের ধরে এমন ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছেন স্থানীয় লোকজন।
পানবাড়ী গ্রামের কৃষক আবদুল কুদ্দুজ বলেন, ‘দেশোত কী হচ্ছে বাহে, ওমারলা (দুর্বৃত্তরা) কি নাগাইচ্ছে হামার এই জায়গাত কোন মারইডাংসহ (মারধর) বাড়ি আগুন লাগা দেখি নাই। এলা বাড়ি ও ধান ও খড়ে পুঞ্জিত (পালা) আগুন লাগাছে।’
এলাকার লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় পাটগ্রাম পৌর জামায়াতের সেক্রেটারি সোহেল রানার নেতৃত্বে জামায়াত-শিবিরের কর্মীরা কাফিরবাজার, ঘোষপাড়া, শিমুলতলা, গোরস্থান এলাকায় মানুষের বাড়িতে গিয়ে লোকজনকে নির্বাচনের দিন ভোটকেন্দ্রে না যাওয়ার কথা বলেছেন। এর পরও কেউ ভোট দিতে গেলে ফল ভালো হবে না বলে তাঁদের হুমকি দেওয়া হয়েছে।
এ ব্যাপারে জামায়াতের নেতা সোহেল রানা বলেন, ‘আমার বিরুদ্ধে আওয়ামী লীগ ষড়যন্ত্রমূলকভাবে আটটি মামলা করেছে। এ কারণে আমি এলাকায় থাকতে পারছি না। উপজেলার বিভিন্ন এলাকায় জামায়াত-শিবির লোজনকে হুমকি দিচ্ছে কি না তা আমি জানি না।’
জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের পর গত ১৫ ডিসেম্বর কাফিরবাজার থেকে গিয়ে গাছ কেটে ও বৈদ্যুতিক খুঁটি ফেলে সরেয়ার বাজার এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করে জামায়াত-শিবির। এ সময় পুলিশ গুলি চালালে শিবিরের তিন কর্মী নিহত হন।
ওই ঘটনার পর জামায়াত-শিবির সরেয়ারবাজার ও মির্জারকোট এলাকায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের বাড়িতে আগুন দেয়। আগুন নেভাতে গেলে ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক মিন্টু মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান জানান, যৌথ বাহিনীর অভিযান অব্যাহত আছে। তাই সাধারণ মানুষের ভয়ের কিছু নেই। আগুন দেওয়ার ঘটনাগুলোর তদন্ত চলছে।