পাটগ্রামে আরও পাঁচটি 'বোমা মেশিন' ধ্বংস
লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে অবৈধভাবে পাথর তোলার সময় আরও পাঁচটি ‘বোমা মেশিন’ জব্দ করে ধ্বংস করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম টি এম এ মমিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালান। অভিযানের খবর পেয়ে মেশিন মালিকেরা সটকে পড়ায় কাউকে আটক করা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করার পর মেশিন দিয়ে দিনের বেলা পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। কিন্তু মেশিন মালিকেরা কৌশল পাল্টিয়ে এখন রাতে মেশিন চালিয়ে পাথর উত্তোলন করছেন। খবর পেয়ে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় ধরলা নদীতে বসানো পাথর তোলার বোমা মেশিন উচ্ছেদ অভিযান চালায়। খবর পেয়ে মেশিন মালিকেরা কিছু যন্ত্রাংশ সরাতে পারলেও মেশিন সরাতে ব্যর্থ হয়ে পালিয়ে যান।
টি এম এ মমিন বলেন, এসব অবৈধ মেশিন উচ্ছেদ অভিযান রাতেও জোরদার করা হবে। নদীর সব মেশিন উচ্ছেদের জন্য জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। তারপর কেউ অবৈধ মেশিন চালালে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।