পাটগ্রামে আরও পাঁচটি 'বোমা মেশিন' ধ্বংস
লালমনিরহাটের পাটগ্রামে গত সোমবার রাতে ধরলা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত আরও পাঁচটি ‘বোমা মেশিন’ ধ্বংস করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন ও পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নূর কুতুবুল আলমের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত গত সোমবার রাত পৌনে ১২টার দিকে বুড়িমারী ইউনিয়নের ডাঙ্গিরপাড় গ্রামের ধরলা নদীতে বোমা মেশিন উচ্ছেদ অভিযান চালান। সেখানে চালু অবস্থায় দুটি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। এরপর রাত তিনটার দিকে ওই ইউনিয়নের পাম্পগাছ বাগান গ্রাম এলাকার ধরলা নদীতে অভিযান চালানো হয়। সেখানে চালু অবস্থায় তিনটি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে জব্দ করা পাঁচটি মেশিনসহ এর যন্ত্রাংশ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
ইউএনও নূর কুতুবুল আলম বলেন, যেভাবেই হোক নদীটিকে মৃতের হাত থেকে রক্ষা করা হবেই। এ ব্যাপারে উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।