পাটগ্রামে আরও সাতটি 'বোমা মেশিন' ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ধরলা নদীতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত মঙ্গল ও বুধবার অবৈধভাবে পাথর তোলার সময় আরও সাতটি ‘বোমা মেশিন’ জব্দ করে ধ্বংস করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম নূর কুতুবুল আলমের নেতৃত্বে ওই আদালত পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ইউএনও নূর কুতুবুল আলমের নেতৃত্বে থানার একদল পুলিশ গত বুধবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাশানটারী গ্রামের ধরলা নদীতে ওই অভিযান চালায়। সেখানে চালু অবস্থায় পাঁচটি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে ওই পাঁচটি মেশিন ও যন্ত্রাংশ আগুন লাগিয়ে পুড়িয়ে পাথরের খাদে ফেলে ধ্বংস করা হয়। এর আগে গত মঙ্গলবার রাতে একই আদালত উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কাঁঠালতলাবাজার গ্রামে পাটগ্রাম-বুড়িমারী আঞ্চলিক সড়কের পাশে আবাদি জমিতে মেশিন দিয়ে পাথর উত্তোলনের সময় অভিযান চালান। সেখানে চালু অবস্থায় দুটি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। পরে মেশিনের যন্ত্রাংশ নষ্ট করে তা ওই পাথরের গভীর খাদে ফেলে ধ্বংস করা হয়।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, উপজেলা প্রশাসন দিনের বেলায় অভিযান পরিচালনা করার পর মেশিন দিয়ে দিনে পাথর উত্তোলন বন্ধ হয়ে যায়। এখন বোমা মেশিন মালিকেরা কৌশল পাল্টিয়ে রাতে পাথর উত্তোলন করছেন। এ খবর পেয়ে উপজেলা প্রশাসনের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় ধরলা নদীতে রাতেও বোমা মেশিন উচ্ছেদ অভিযান চালাচ্ছে। উপজেলা প্রশাসনসহ পুলিশের এই অভিযান অব্যাহত থাকলে হয়তো নদীটি মৃতের হাত থেকে রক্ষা পাবে।
ইউএনও নূর কুতুবুল আলম বলেন, ‘এখন থেকে বোমা মেশিন যেখানে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান সেখানে’ এই নীতিতে উপজেলার আবাদি জমি ও নদী থেকে এসব অবৈধ মেশিন উচ্ছেদে অভিযান দিনে ও রাতে জোরদার করা হয়েছে। নদীর সব মেশিন উচ্ছেদে জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর।