পাটগ্রামে আরও ১০টি 'বোমা মেশিন' ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালনিরহাটের পাটগ্রামে ধরলা নদীতে অবৈধভাবে পাথর তোলার সময় গত বৃহস্পতিবার ও গতকাল শুক্রবার ১০টি ‘বোমা মেশিন’ জব্দ করে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। তবে ‘বোমা মেশিন’ উচ্ছেদ অভিযান চালতে গিয়ে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে চারটি গুলি ছোড়ে পুলিশ।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম টিএম এ মমিন ও পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ গতকাল দুপুর ১২টার দিকে চিলারবাজার গ্রামের ধরলা নদীতে বোমা মেশিন উচ্ছেদে অভিযান চালায়। সেখানে তাঁরা চালু অবস্থায় তিনটি মেশিন ও যন্ত্রাংশ জব্দ করার পরপরই পাথর ব্যবসায়ীদের বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। সেখানে পাথর উত্তোলনকারী ব্যবসায়ীরা মেশিন মালিক ও পাথরশ্রমিকদের সঙ্গে নিয়ে উত্তেজনা সৃষ্টি করেন, কাজে বাধা দেন ও ধাওয়া করে আক্রমণের চেষ্টা চালান। এ সময় উত্তেজিত লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ চারটি শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আবার অভিযান চালিয়ে পাঁচটি মেশিন ও যন্ত্রাংশ জব্দ করা হয়। এরপর এগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এর আগে গত বৃহস্পতিবার রাতে একই ভ্রাম্যমাণ আদালত সদর ইউনিয়নের পেদিরপাড় ও জগতবেড় ইউনিয়নের বাংলাবাড়ি গ্রামে ধরলা নদীতে অভিযান চালান। সেখানে তাঁরা চালু অবস্থায় দুটি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করেন। পরে সেগুলো ধ্বংস করা হয়।
পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, ‘পাথর উত্তোলনকারী লোকজন ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হলে শটগানের চারটি গুলি ছুড়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল পৃথক দুটি মামলা করেছে। এতে ১৩ জনের নামসহ প্রায় ২০/২৫ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করা হয়েছে।
এ ব্যাপারে আদালতের নির্বাহী হাকিম টিএম এ মমিন বলেন, এসব অবৈধ মেশিন উচ্ছেদে দিনে ও রাতে অভিযান জোরদার করা হয়েছে। অবৈধ মেশিন উচ্ছেদে জেলা ও উপজেলা প্রশাসন বদ্ধপরিকর। কেউ অবৈধ মেশিন চালালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।