পাটগ্রামে আ’লীগ নেতাকে গ্রেপ্তারের পর ছেড়ে দিল পুলিশ
লালমনিরহাটের পাটগ্রামে আওয়ামী লীগের নেতা ও সাবেক এক ইউপি চেয়ারম্যানকে সরকারি জমি দখলের অভিযোগে গ্রেপ্তারের পর ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার গভীর রাতে পুলিশ আবুল কালাম আজাদ বসুনিয়া নামের ওই নেতাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এ ঘটনার পরপরই তাঁর সমর্থকেরা লালমনিরহাট-বুড়িমারী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। গতকাল শনিবার সকাল সাড়ে নয়টায় মুচলেকা নিয়ে পুলিশ তাঁকে ছেড়ে দিলে প্রায় সাত ঘণ্টা পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা অবরোধ তুলে নেন।বাউরা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগের নেতা আবুল কালাম আজাদ বসুনিয়া বলেন, ‘আমি সরকারের কাছ থেকে ১৯৬৮ সালে জমিটি লিজ নিয়ে ভোগদখল করে আসছি। ১৯৯৫ সালে ৮৪ হাজার ৬১২ টাকা বকেয়া খাজনা পরিশোধ করেছি। জমির ওপর ইট রাখা হলে পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মোহামঞ্চদ রহমতুল্ল্যাহ আমাকে ১৫ মিনিটের মধ্যে ইটগুলো সরিয়ে ফেলার নির্দেশ দেন এবং পরে জব্দ করেন। এরপর আমি ইউএনওসহ সাতজনকে আসামি করে আদালতে মামলা করি। পরে সরকারি খাসজমি জবরদখলের অভিযোগ করে আমার নামে মিথ্যা মামলা দায়ের করা হয়।’পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন সরকারি জমি জবরদখলের মামলায় ওই নেতাকে গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, তিনি অসুস্থ থাকার কারণে শনিবার সকাল সাড়ে নয়টায় তাঁর ছেলে সুমনের কাছে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।