৩১ অক্টোবর অনুষ্ঠেয় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিলুপ্ত ছিটমহল সংযুক্ত বাউরা ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। সীমানা জটিলতার কারণে উচ্চ আদালত ওই ইউনিয়নের নির্বাচন স্থগিত করেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় এ-সংক্রান্ত উচ্চ আদালতের নির্বাহী আদেশ পাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাবুজ্জামান।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, বাউরা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী ও বর্তমান ইউপি চেয়ারম্যান হাবিবুল হক বসুনিয়া সীমানা-সংক্রান্ত জটিলতার বিষয়ে একটি রিট আবেদন করেন উচ্চ আদালতে। এতে উচ্চ আদালতে বিচারপতি রেজাউল ইসলাম ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের যৌথ বেঞ্চ সীমানা-সংক্রান্ত জটিলতার বিষয়টি আমলে নিয়ে তিন মাসের জন্য ওই ইউনিয়নে নির্বাচন স্থগিতাদেশ দেন নির্বাচন কমিশনকে। পরে নির্বাচন কমিশন মঙ্গলবার উপজেলা নির্বাচন কর্মকর্তা আফতাবুজ্জামানকে তিন মাসের জন্য নির্বাচন স্থগিতাদেশ দেন।
রিট আবেদনে ওই ইউনিয়নের ১, ২, ৩, ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সীমানা পুনর্নির্ধারণের আবেদন করা হয়।