পাটগ্রামে কথিত আল্লাহর দলের ১৩ সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রহমানপুর গ্রামের একটি বাড়ি থেকে ১৩ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে বেশ কিছু বই, একটি সাদা বোর্ড ও ডায়াস উদ্ধার করে। পুলিশের দাবি, ওই ব্যক্তিরা কথিত জঙ্গি সংগঠন আল্লাহর দলের সন্দেহভাজন সদস্য।
পাটগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম জানান, তাঁদের কাছে খবর ছিল, রহমানপুর গ্রামের ওই বাড়িতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হয়। গতকাল মঙ্গলবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মাহফুজ আলমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে বাড়ির মালিক কথিত দলটির ‘নেতা’ আয়নাল হকসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে বেশ কয়েকটি বই ও প্রশিক্ষণের বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। গ্রেপ্তার অন্য ব্যক্তিরা হলেন সাফিউল হোসেন (১৭), মাসুদ রানা (১৯), ফরহাদ হোসেন (১৭), জিয়াউর রহমান (২৫), রোকনুজ্জামান (২৫), মোহাম্মদ হাসান (২২), নুর আলম (১৬), আলতাফ হোসেন (২২), নুর হুদা (১৯), আবদুর রহিম (২০), শমসের আলী (৩৫) ও মোহাম্মদ রতন মিয়া (২২)।
লালমনিরহাটের পুলিশ সুপার এ টি এম মুজাহিদুল ইসলাম প্রথম আলোকে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা আল্লাহর দল নামে কথিত সংগঠনটির সদস্য। তাঁদের নেতা মতিন মেহেদী বর্তমানে কুড়িগ্রাম কারাগারে বন্দী। গ্রেপ্তার ব্যক্তিরা ওই বাড়িতে জঙ্গি প্রশিক্ষণ নিতেন বলে তিনি জানান।