পাটগ্রামে ঘন ঘন লোডশেডিং দুর্বিষহ জনজীবন
লালমনিরহাটের পাটগ্রাম পৌর শহর ও আশপাশের এলাকায় ঘন ঘন লোডশেডিং দেওয়া হচ্ছে। দুই সপ্তাহ ধরে দিনে ও রাতে ৬০ থেকে ৭০ বার বিদ্যুৎ যাওয়া-আসা করছে। চৈত্রের তীব্র গরমে লোডশেডিং হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন উপজেলার বাসিন্দারা। পাশাপাশি চলতি বছরে ইরি-বোরো মৌসুমের খেতে সেচ দিতে পারছেন না কৃষকেরা। ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা।
স্থানীয় ফটোস্ট্যাট ব্যবসায়ী তাজুল বলেন, দিনে কতবার যে বিদ্যুৎ যায়, তার কোনো হিসাব রাখা সম্ভব নয়। ব্যবসা চরম খারাপ যাচ্ছে। বেশির ভাগ সময় তাঁকে বসে থাকতে হচ্ছে। পৌর সদরের ঝাকুয়াটারী গ্রামের কৃষক আব্বাস আলী বলেন, তিনি দেড় একর জমিতে বোরো চাষের জন্য বীজতলা করেছেন। কিন্তু লোডশেডিংয়ের কারণে সেচ দিতে পারছেন না। জমি ফেটে চৌচির হয়ে গেছে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের পাটগ্রামের দোয়ানী বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী (আরই) মোকতার হোসেন বলেন, লালমনিরহাটে বিদ্যুতের সাব-স্টেশনটিতে অতিরিক্ত লোড হওয়ার কারণে এই সমস্যার সৃষ্টি হয়েছে। ফলে বারবার বিদ্যুৎ যাওয়া-আসা করছে।