পাটগ্রামে চার প্রতিষ্ঠানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার আদালত এ অভিযান চালান।
লালমনিরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু নুর মোহামঞ্চদ শামসুজ্জামান ও জেলা ম্যাজিস্ট্রেট এ এস এম কাসেম এ অভিযানে নেতৃত্ব দেন। তাঁরা গতকাল বিকেলে পাটগ্রাম বাজারের দহগ্রাম সড়কের মদিনা বেকারিতে অভিযান চালান। এ সময় তাঁরা ভেজাল খাবার ও অনুমোদনহীন মোড়ক ব্যবহারের জন্য প্রতিষ্ঠানটির কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। একই সময় তাঁরা পাটগ্রাম বাজারের একটি ইলেকট্রনিকসের দোকানকে দুই হাজার, ঢেউটিন বিক্রির দোকানকে ছয় হাজার ও মিষ্টির দোকানকে এক হাজার টাকা জরিমানা করেন।
অভিযানের সময় পাটগ্রাম থানার এসআই রমজান আলী ও আনসার ভিডিপির জেলা কমান্ডার আবুল বাসার উপস্থিত ছিলেন।
আবু নুর মোহামঞ্চদ শামসুজ্জামান বলেন, ‘বুড়িমারী স্থলবন্দরে ভারত ও ভুটান থেকে আসা পণ্যের কাগজপত্র যাচাই ও পণ্যের পরিমাণ পরীক্ষা করেছি। সেখানে কোনো অনিয়ম পাওয়া যায়নি।’