পাটগ্রামে চার মেয়র প্রার্থীই ব্যবসায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভায় চার মেয়র প্রার্থীর মধ্যে সবচেয়ে ধনী বিএনপির প্রার্থী এ কে মোস্তফা সালাউজ্জামান। তাঁর পরেই আছেন আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র শমসের আলী। আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে বিএনপির প্রার্থীর আয় গত পাঁচ বছরে বেড়েছে দ্বিগুণের বেশি।
বিএনপির প্রার্থীর নামে হত্যাসহ আটটি মামলা থাকলেও অপর মেয়র প্রার্থীদের নামে কোনো মামলা নেই। চারজনই নিজেদের ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা থেকে এসব তথ্য জানা গেছে। এই পৌরসভায় অপর দুই মেয়র প্রার্থী হলেন স্বতন্ত্র ওয়াজেদুল ইসলাম ও জাতীয় পার্টির আবদুল হামিদ।
বিএনপির পৌর সভাপতি মোস্তফা সালাউজ্জামান ২০১০ সালে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করে বর্তমান মেয়র আওয়ামী লীগের শমসের আলীর কাছে ২৯ ভোটে হেরে যান। এবারও এই দুজন মেয়র পদ নিয়ে মুখোমুখি।
২০১০ সালে মোস্তফা সালাউজ্জামানের বার্ষিক আয় ছিল ১ লাখ ৭২ হাজার টাকা। এবার তাঁর বার্ষিক আয় বেড়ে হয়েছে ২ লাখ ৮০ হাজার টাকা। নিজ নামে পাঁচ বছর আগে ছিল নগদ ৪০ লাখ ৮৩ হাজার ২৪৩ টাকা। এবার তা কমে হয়েছে মাত্র ৩ লাখ। স্থাবর সম্পত্তির মধ্যে নিজ নামে কোনো কৃষিজমি ছিল না ২০১০ সালে। অকৃষিজমি ছিল ৭ একর ৫০ শতাংশ। পাঁচ বছর পর কৃষিজমি হয়েছে ৫ একর ৩৮ শতাংশ ও অকৃষিজমি ৫৭ শতাংশ।
আওয়ামী লীগের উপজেলার সহসভাপতি শমসের আলীর ২০১০ সালে তাঁর বার্ষিক আয় ছিল ১ লাখ ১০ হাজার টাকা। পাঁচ বছরে তা মাত্র ৫০ হাজার টাকা বেড়েছে বলে তিনি এবারের হলফনামায় জানিয়েছেন। নিজ নামে নগদ টাকা পাঁচ বছরে ৬০ হাজার থেকে কমে ২০ হাজার টাকা হয়েছে। তবে ব্যাংকে জমা টাকার পরিমাণ বেড়েছে ১ লাখ ৭৪ হাজার। পাঁচ বছর আগে ব্যাংকে ছিল ৫০ হাজার টাকা। স্থাবর সম্পত্তির মধ্যে কৃষিজমির পরিমাণও কমেছে। ২০১০ সালে তাঁর কৃষিজমি ছিল সাত একর, এবার তা চার একর। তবে অকৃষিজমির পরিমাণ চার একর বেড়েছে। আগে ছিল ৫০ শতক।
বিএনপির প্রার্থী হলফনামায় তাঁর বিরুদ্ধে ১১টি মামলার কথা উল্লেখ করেছেন। এরমধ্যে ২০১০ সালে পৌরসভা নির্বাচনের সময় দায়ের হয়েছিল তিনটি মামলা। এগুলো অবশ্য আপস সূত্রে নিষ্পত্তি হয়েছে। এ বছর যুক্ত হয়েছে হত্যাসহ নতুন আটটি মামলা। ২০১২ ও ২০১৪ সালে এ মামলাগুলো হয়।
পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজুর রহমান বলেন, মোস্তফা সালাউজ্জামানের বিরুদ্ধে থাকা আট মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হয়েছে। সেগুলো বিচারাধীন।