পাটগ্রামে চারটি 'বোমা মেশিন' জব্দ করে ধ্বংস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালনিরহাটের পাটগ্রামে গত সোমবার অবৈধভাবে পাথর তোলার সময় চারটি ‘বোমা মেশিন’ জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় বোমা মেশিনের কিছু যন্ত্রাংশও ধ্বংস করা হয়। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার সন্ধ্যায় পাটগ্রামের ইউএনও রফিকুল হকের নেতৃত্বে প্রশাসনের কয়েকজন কর্মকর্তা ও পুলিশ পাটগ্রাম ইউনিয়নের বাংলাবাড়ি ও জোংড়া ইউনিয়নের গুড়াটারী এলাকায় অভিযান চালান। এ সময় সেখান থেকে তাঁরা চারটি বোমা মেশিন ও যন্ত্রাংশ জব্দ করেন। পরে তাঁরা এগুলো পাথর তোলার কারণে সৃষ্টি হওয়া পাশের খাদে ফেলে দেন। প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযানের খবর পেয়ে মালিকেরা মেশিন সরাতে ব্যর্থ হয়ে অনেকে পাথরের খাদে ফেলে পালিয়ে যান।

রফিকুল হক জানান, চারটি বোমা মেশিন নষ্ট করে খাদে ফেলে দেওয়া হয়েছে। তা ছাড়া অভিযানের খবর পেয়ে অনেকে নদীতে মেশিন ফেলে পালিয়ে যায়। এসব মেশিন ধ্বংস করার জন্য অভিযান অব্যাহত থাকবে।

২৫ জানুয়ারি প্রথম আলোতে ‘৬০ স্থানে ২০০ বোমা মেশিনে পাথর উত্তোলন’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়। এরপর সোমবার পাটগ্রাম উপজেলা প্রশাসন বোমা মেশিন ধ্বংস করার জন্য অভিযান চালায়।