বাদ্যযন্ত্রের বাজনায় হাজারো মানুষের নানা স্লোগানে মুখরিত লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার রেলস্টেশন চত্বর। রেললাইনের দুধার, দোকানসহ বিভিন্ন স্থাপনার ছাদে মানুষ আর মানুষ। গতকাল মঙ্গলবার সকাল পৌনে ১০টা থেকে অপেক্ষা করছে সবাই। বেলা পৌনে ১১টার দিকে দূর থেকে রেলস্টেশনের দিকে আসতে দেখে সবাই করতালি আর বাঁধভাঙা উল্লাসে মেতে ওঠে।
ওই আনন্দ-উচ্ছ্বাস বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল (বালিকা) টুর্নামেন্টের জাতীয় চ্যাম্পিয়ন পাটগ্রামের টেপুরগাড়ী বালা কান্তা (বিকে) সরকারি প্রাথমিক বিদ্যালয় দলের খুদে খেলোয়াড়দের স্বাগত জানাতে।
গতকাল সকাল থেকে এই খুদে ফুটবলারদের স্বাগত জানাতে উপজেলার রেলস্টেশন থেকে টিএন বিদ্যালয় অ্যান্ড কলেজ পর্যন্ত রাস্তার দুধারে শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ছাড়াও নানা বয়সের মানুষ দাঁড়িয়েছিল। শিক্ষার্থীদের হাতে হাতে ছিল ফুল, চোখেমুখে আনন্দ। সেই আনন্দ নিয়েই তারা বরণ করে নেয় সোনারকাপ জেতা খুদে ফুটবলারদের।
এর আগে গত রোববার ওই দল ঢাকা থেকে ট্রেনযোগে জেলা সদরে পৌঁছালে প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সংবর্ধনা দেওয়া হয়। সেখানে সার্কিট হাউসে দুই দিন বিশ্রামের পর গতকাল সকালে নিজ এলাকায় ফিরে আসে পাটগ্রামের টেপুরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিজয়ী খুদে ফুটবলাররা। তাদের সংবর্ধনা দিতে উপজেলা পরিষদের উদ্যোগে পাটগ্রাম টিএন উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে তৈরি করা হয় মঞ্চ। দুপুর সাড়ে ১২টার দিকে শুরু হয় সংবর্ধনা অনুষ্ঠান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-কুতুবুল আলমের সভাপতিত্বে সংবর্ধনায় বক্তব্য দেন টেপুরগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশিদ। তিনি বলেন, ‘আমাদের মেয়েরা শুধু পাটগ্রামবাসীকে নয়, লালমনিরহাট জেলা তথা গোটা রংপুর বিভাগকে সম্মান এনে দিয়েছে।’
সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, পৌর মেয়র শমসের আলী, ভাইস চেয়ারম্যান এ টি এম শফি কামাল, মহিলা ভাইস চেয়ারম্যান লতিফা আক্তার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার এ এইচ এম সালাউজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পূর্ণ চন্দ্র রায়, শিল্পপতি শাহজাহান আলম, দলের কোচ আলিম আল সাইদ, ললিতারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর-কুতুবুল আলম প্রমুখ।
জয়ী দলের অধিনায়ক সেলিনা আক্তার বলে, ‘আপনাদের সবার দোয়ায় আমাদের এ জয় এসেছে। আমাদের জন্য আরও দোয়া করবেন, কারণ আমরা দেশের জন্য জাতীয় দলের হয়ে খেলতে চাই।’
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রতিটি খেলোয়াড়কে একটি করে বাইসাইকেল, ক্রেস্ট ও ৫ হাজার করে টাকা দেওয়া হয়।
গত বৃহস্পতিবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ওই খেলা হয়।