পাটগ্রামে ছয়জনের কারাদণ্ড
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গতকাল শুক্রবার মাদক বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া একই অভিযোগে চারজনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও উপজেলা সহকারী (ভূমি) কমিশনার টি এম এ মমিন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল ভোরে টিএমএ মমিনের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) ফজলুল করিম ও এসআই ঋশিকেশ বর্মণসহ একদল পুলিশ পৌরসভার সোহাগপুর ও সাহেবডাঙ্গা স্টেডিয়াম এলাকায় অভিযান চালান। এ সময় গাঁজা বিক্রির সময় দুজন ও পৌরসভার কালিরর্থান এলাকার নতুন বাস টার্মিনালে জুয়া খেলার সময় চারজনকে আটক করে পুলিশ। পরে সকালে তাঁদের মমিনের কার্যালয়ে হাজির করা হয়। এ সময় মমিন মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পৌরসভার সোহাগপুরের আমিনুর রহমান ও সাহেবডাঙ্গা গ্রামে আনোয়ার হোসেনকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন এবং একই আদালত জুয়া খেলার অভিযোগে নীলফামারীর জলঢাকার লেবু মিয়া, লাবুল, আলমগীর হোসেন ও জাহাঙ্গীর হোসেনকে ১৫০ টাকা করে জরিমানা, অনাদায়ে সাত দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, আমিনুর ও আনোয়ারকে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়া লেবু, লাবুল, আলমগীর ও জাহাঙ্গীর জরিমানার টাকা দেওয়ায় তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।