পাটগ্রামে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ভারী যান চলাচল
লালমনিহাটের পাটগ্রাম পৌরসভার সোহাগপুরে ধরলা নদীর ওপর বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সংস্কার না করায় ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে প্রতিনিয়ত চলছে ভারী যানবাহন। সড়ক ও জনপথ বিভাগের (সওজ) লালমনিরহাট কার্যালয় সূত্রে জানা গেছে, সওজ নির্মিত এই সেতুটি ১৯৯২ সালে চালু করা হয়। উপজেলার জগৎবেড়, জোংড়া, পাটগ্রাম ও শ্রীরামপুর ইউনিয়নসহ পৌরসভার তিনটি ওয়ার্ডের অন্তত দেড় লাখ মানুষ এই সেতু দিয়ে উপজেলা সদরে সহজে যাতায়াত করতে পারে। ভারী যানবাহন চলাচলের কারণে সেতুর ২৬টি ডেকিংয়ের (স্টিলের পাটাতন) মধ্যে কয়েকটিতে বড় বড় ফাটল দেখা দিয়েছে। সেতুটির ওপর দিয়ে পাথর, বালু, কাঠ, বাঁশ, ধান, ভুট্টাসহ বিভিন্ন পণ্যবাহী ট্রাক এবং ট্রাক্টর চলাচল করছে। সরেজমিনে দেখা গেছে, সেতুটির পূর্ব এবং পশ্চিম পাশের প্রবেশমুখসহ পাটাতনের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল। সেতুর অনেক নাটবল্টু নড়বড়ে হয়ে পড়েছে। সেতুর ওপর দিয়ে ধারণ ক্ষমতার অতিরিক্ত মালামালসহ ভারী যানবাহন চলাচল করছে। এলাকাবাসী জানান, সেতুটি সরু হওয়ায় প্রায়ই যানজট লেগে থাকে। পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আনিসুল ইসলাম বলেন, সংস্কারের অভাবে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সওজ লালমনিরহাটের নির্বাহী প্রকৌশলী সুরুজ মিয়া বলেন, ‘সেতুটির যেসব ডেকিংয়ে ফাটল ধরেছে এর মধ্যে একটি কিছুদিন আগে মেরামত করা হয়েছে। দেশে অনেক লোহার সেতুর তুলনায় এটি অনেক ভালো। তবে বরাদ্দ পেলে মেরামতের উদ্যোগ নেওয়া হবে।’