পাটগ্রামে ট্রাকচাপায় স্কুলছাত্রসহ নিহত ৩
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় স্কুলছাত্রসহ তিনজন নিহত হয়েছে। গতকাল সোমবার লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের মির্জারকোট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলো পাটগ্রাম পৌরসভার মির্জারকোট গ্রামের দেলোয়ার হোসেনের (৩০), একই গ্রামের আবদুর ছাত্তার (২৮) এবং ফরিদুল ইসলামের ছেলে লাদিব হোসেন (১২)। লাদিব স্থানীয় শিশুকল্যাণ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত। এ সময় আবদুল মালেকের ছেলে মো. রকি (১২) গুরুতর আহত হয়। সে স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোর ছয়টার দিকে মসজিদে ফজরের নামাজ শেষে লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের মির্জারকোট এলাকার সড়ক দিয়ে ওই চারজন বাড়ি ফিরছিলেন। লালমনিরহাট থেকে বুড়িমারী স্থলবন্দরের দিকে আসা একটি দ্রুতগতির ট্রাক দেখে তাঁরা দ্রুত সরে যান। কিন্তু ট্রাকটি তাঁদের চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বাঁশঝাড়ে ঢুকে যায়। ঘটনাস্থলে লাদিব মারা যায়। অন্য তিনজন গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, চিকিৎসাধীন অবস্থায় দেলোয়ার হোসেনের মৃত্যু হয়েছে। আবদুর ছাত্তারকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর পৌনে ১২টার দিকে তিনি মারা যান। শিশু রকিকে এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনি শংকর কর বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। ট্রাকের চালক ও তাঁর সহযোগী পালিয়ে গেছেন। ট্রাকটি আটক করে থানায় আনা হয়েছে।