পাটগ্রামে ট্রাক্টরের চাপায় চালক নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামে ট্রাক্টরের চাপায় মোস্তফা (৩২) নামের ওই ট্রাক্টরেরই চালক নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত সোমবার বিকেলে।
নিহত মোস্তফা উপজেলার দহগ্রাম ইউনিয়নের পটলপাড়া গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে। তিনি ওই ট্রাক্টরের মালিক ছিলেন।
প্রত্যক্ষদর্শী কৃষকেরা বলেন, মোস্তফা সকাল থেকে ট্রাক্টর দিয়ে গ্রামের কয়েকজনের জমি হালচাষ দিচ্ছিলেন। দুপুরে তাঁর ছোট ভাই বাড়ি থেকে খাবার নিয়ে এলে তিনি খেতে শুরু করেন। এ সময় ছোট ভাই ট্রাক্টরটি চালাতে চেষ্টা করে। মোস্তফা ছুটে ট্রাক্টরের সামনে দাঁড়িয়ে ছোট ভাইকে সেটি চালাতে বারণ করতে থাকেন। এ সময় বেপরোয়া গতিতে ট্রাক্টরটি এসে ধাক্কা দিলে মোস্তফা চাপা পড়েন। আশপাশের লোকজন দ্রুত তাঁকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি মারা যান।