পাটগ্রামে দুদকের গণশুনানি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গতকাল সোমবার দুর্নীতিবিষয়ক গণশুনানি হয়েছে। এতে উপজেলার ১০টি দপ্তরের নানা অনিয়ম-দুর্নীতি এবং সেবা না পাওয়ার অভিযোগ তুলে ধরেন স্থানীয় মানুষ।
দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এ গণশুনানির আয়োজন করে। দুপুরে উপজেলা পরিষদ চত্বরে গণশুনানির আগে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দুদকের কমিশনার নাসির উদ্দীন আহমেদ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলমের সভাপতিত্বে বক্তব্য দেন দুদক পরিচালক মনিরুজ্জামান, রাজশাহী কার্যালয়ের পরিচালক আবদুল আজিজ ভূঁইয়া, রংপুর বিভাগীয় সমন্বয়ক মোজাহার আলী সরকার, টিআইবির ব্যবস্থাপক আবদুর রহমান প্রধান, জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, পুলিশ সুপার এস এম রশিদুল হক, উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন, হাতীবান্ধার ইউএনও এনামুল কবির, পাটগ্রাম পৌরসভার মেয়র শমসের আলী প্রমুখ।
নাসির উদ্দীন আহমেদ বলেন, সংবিধানে সরকারি চাকুরেদের জনগণের সেবক হিসেবে উল্লেখ করা হয়েছে। তাই মানুষ সেবা পাচ্ছে কি না, সেটা জানতে দুদকের এই প্রয়াস। আর দুদক অবশ্যই বঞ্চিত মানুষের পাশে থাকবে সব সময়।
স্থানীয় মানুষের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারাই দেশের মালিক। তাই আপনাদের অধিকার-সচেতন হতে হবে। বিভিন্ন সরকারি অফিস কী ধরনের সেবা দিচ্ছে, তা জানতে হবে। আর এই জানাটা আপনার অধিকার কারণ দেশে এখন তথ্য অধিকার আইন বিদ্যমান।’
পরে জেলা প্রশাসক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খানের সঞ্চালনায় গণশুনানি শুরু হয়। এতে উপজেলা ভূমি, সেটেলমেন্ট, সাব-রেজিস্ট্রার, বিদ্যুৎ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, হিসাবরক্ষক, প্রকল্প বাস্তবায়ন, সমবায়, সমাজসেবা এবং প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কার্যালয় নিয়ে সেবাগ্রহীতা জনসাধারণের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দুর্নীতি, অনিয়ম ও নিম্নমানের সেবা নিয়ে নানা অভিযোগ তুলে ধরা হয়। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন নাসির উদ্দীন আহমেদ।
এর আগে সকালে পাটগ্রাম উপজেলা পরিষদ থেকে দুর্নীতিবিরোধী একটি শোভাযাত্রা বের করা হয়।