পাটগ্রামে দেড় দশক পর ধানের শীষ
লালমনিরহাটের পাটগ্রাম পৌরসভা নির্বাচনে ১৫ বছর পর ধানের শীষ প্রতীক নিয়ে দাঁড়িয়েছে বিএনপি। এর আগে ২০০১ সালে সংসদীয় নির্বাচনে জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয় বিএনপি।
এরপর থেকে যত নির্বাচন হয়েছে, তাতে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের প্রার্থীরাই অংশ নিয়ে আসছিলেন।
বহু বছর পর ধানের শীষ প্রতীক নিয়ে দলীয় প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন বিএনপির স্থানীয় নেতা-কর্মীরা।
এবারের নির্বাচনে পৌর বিএনপির সভাপতি মোস্তফা সালাউজ্জামান মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমান বলেন, দীর্ঘ দেড় দশক পর পাটগ্রামে ধানের শীষ মার্কায় নির্বাচন করার বিষয়টি দলীয় প্রার্থীর জন্য সহায়ক ভূমিকা রাখবে।
পাটগ্রাম পৌর বিএনপির সদস্যসচিব মোরশেদ আলম বলেন, ২০০১ সালে বিএনপি জোটবদ্ধ হয়। ১৫ বছর পর এখানে ধানের শীষ প্রতীক পেয়ে বিএনপির নেতা-কর্মী ও সমর্থকেরা বেশ উজ্জীবিত।
পৌর বিএনপির সভাপতি ও দলীয় মেয়র প্রার্থী মোস্তফা সালাউজ্জামান বলেন, গত পৌর নির্বাচনে বিএনপি থেকে তিনজন প্রার্থী মেয়র পদে নির্বাচন করেছিলেন। কিন্তু তখন নির্বাচন ছিল নির্দলীয়। ওই সময় তিনি মাত্র ২৯ ভোটে বর্তমান মেয়র ও আওয়ামী লীগ প্রার্থী সমশের আলীর কাছে হেরে যান। চলতি পৌর নির্বাচনে ধানের শীষ প্রতীক তাঁকে সাফল্য এনে দেবে বলে মনে করেন তিনি।
বিএনপি কর্মী হানিফ উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে বিএনপি করলেও মহাজোট থাকায় এত দিন এখানে কেউ ধানের শীষ প্রতীক ব্যবহার করতে পারেননি। এবার নিজেদের প্রতীকে কাজ করতে পেরে আনন্দ লাগছে। প্রতীকের পক্ষে এখন সবাই একযোগে কাজ করছেন।
পাটগ্রাম পৌরসভার বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সহসভাপতি সমশের আলীও আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী।
জাতীয় পার্টির পৌর সভাপতি ও পৌর মেয়র প্রার্থী আবদুল হামিদ বলেন, এরশাদের লাঙ্গল প্রতীক এলাকাবাসীর অত্যন্ত পছন্দের প্রতীক। তাই জয়ের ব্যাপারে তিনি শতভাগ আশাবাদী।
স্বতন্ত্র প্রার্থী ওয়াজেদুল ইসলামও জয়ের ব্যাপারে আশাবাদী। তিনি ২০০৪ সালে উপজেলা নির্বাচনে পাটগ্রামের ভাইস চেয়রম্যান হন। ওইবার তিনি আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। এরপর গত উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।