পাটগ্রামে ধানের দাম কম
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার হাটবাজারে দিন দিন ধানের দাম কমছে। কয়েক মাসের ব্যবধানে প্রতি মণে প্রায় ১২০ টাকা করে কমেছে। বাজার নিম্নমুখী হওয়ায় উপজেলার কৃষকেরা বোরো চাষ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
গত বুধবার উপজেলার বৃহত্তম হাট রসুলগঞ্জের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার এ হাটে দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা ধান কিনতে আসেন। অবরোধ-হরতালের কারণে যানবাহন চলাচল বন্ধ থাকায় বাইরের ব্যবসায়ীরা আসছেন না। তাই ধানের দাম কমছে বলে জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। একই অবস্থা বাউরা, দহগ্রাম, বুড়িমারী, সরকারের হাটসহ উপজেলার বিভিন্ন হাটবাজারের।
হাটে আসা কৃষকেরা বলেন, এখন পাটগ্রামে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ৫৯০ থেকে ৬১০ টাকায়। দুই মাস আগে উপজেলার বিভিন্ন হাটবাজারে এক মণ ধানের দাম ছিল ৭১০ থেকে ৭৩০ টাকা। কৃষকেরা আরও বলেন, এ উপজেলার প্রধান ফসল ধান। প্রতি মণে প্রায় ১২০ টাকা করে ধানের দাম কমে যাওয়ায় বোরো মৌসুমে ধানের আবাদ নিয়ে চিন্তিত তাঁরা। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, এ বছর প্রায় সাত হাজার হেক্টর জমিতে বোরো চাষ হবে।
কৃষকেরা জানান, আমন ধান বিক্রি করে বোরো আবাদের খরচ জোগাড় করতে হবে। অথচ অবরোধের কারণে ভালো দাম পাওয়া যাচ্ছে না।
চারজন ধান ব্যবসায়ী ও আড়তদার বলেন, বাইরের ব্যবসায়ীরা হাটে ধান কিনতে না এলে এখানে ধানের দাম কমে যায়। অবরোধ ও হরতালের কারণে ধান কিনে কোথাও বিক্রির জন্য পাঠানো যাচ্ছে না। তাই বাজারে ক্রেতা কমে গেছে।