পাটগ্রামে বাঁশের সাঁকোতে ঝুঁকিতে পারাপার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি গ্রামে সানিয়ারজান নদে সেতু না থাকায় ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো দিয়ে স্থানীয় লোকজন ওই নদ পারাপার হচ্ছে। এতে ওই ইউনিয়নের সাতটি গ্রামের মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের ৩০০ গজ পথের জন্য উপজেলায় যেতে ১৫ কিলোমিটার পথ ঘুরতে হচ্ছে।
স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, সানিয়াজন নদের এক পাশে কুচলিবাড়ি ইউনিয়নের পানবাড়ি, লক্ষনাথের কামাত, গুয়াবাড়ি, গোলডাঙ্গা, জুম্মারপার, মিঠুরকামাত গ্রাম অন্য পারে জোড়াপুল গ্রামসহ পাকা সড়ক। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীসহ এসব গ্রামের প্রায় ১০ হাজার মানুষ প্রতিদিন ওই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে। এ ছাড়া পাশের দহগ্রাম ইউনিয়নেরও কয়েকটি গ্রামের লোকজন প্রায়ই এ সাঁকো দিয়ে চলাচল করে। তাদের সমস্যার বিষয়টি স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানালেও সেতুটি নির্মাণ হয়নি। বিশেষ করে বর্ষা মৌসুমে নদ ভরাট হলে তাদের সমস্যা বেড়ে যায়। তাই গত বছর গ্রামবাসীসহ স্থানীয় চেয়ারম্যানের সহযোগিতায় কংক্রিটের খুঁটি দিয়ে বাঁশের সাঁকো নির্মাণের চেষ্টা করা হয়। কিন্তু নদের স্রোতে সেই কংক্রিটের খুঁটি ভেঙেচুরে পড়ে।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, নদের ওপর বাঁশের সাঁকোটি নড়বড়ে। এলাকাবাসী ওই সাঁকোর ওপর দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছে।
গুয়াবাড়ি গ্রামের কৃষক আবুল কাশেম, গোলডাঙ্গা গ্রামের রহমান, দহগ্রাম গ্রামের মজিদ বলেন, সাঁকোর ওপর দিয়ে গেলে উপজেলা শহরের দূরত্ব আট কিলোমিটার। কিন্তু কৃষিপণ্য নিয়ে সাঁকোর ওপর দিয়ে চলাচল করা যায় না। তাই পাঁচ কিলোমিটার মাটির রাস্তা (কাঁচা পথ) ১৫ কিলোমিটার ঘুরে কৃষিপণ্য নিয়ে শহরের রসুলগঞ্জ হাটে যেতে হয়। এতে তাঁদের পণ্য বহনের খরচ বেড়ে যায়।
জুম্মারপার গ্রামের ভ্যানচালক মোজাফারুল ইসলাম বলেন, ‘বাইষার (বর্ষা) সময় যাওয়া যায় না পুল দিয়া। আবার মাটিয়া (কাঁচা) রাস্তাখান হয় দই খাদো (কাদা), এতে ভ্যানোত মালামাল নিয়া যাওয়া যায় না। বাইসার (বর্ষা) সময় কামাই (আয়) হয় না আর কাজও বন্ধ থাকে। পুলখান হইলে হামারলা কামাই হইবে বাহে।’
পাটগ্রাম সরকারি কলেজের ছাত্র রাসেল বলেন, গ্রামের অনেক ছেলেমেয়ে উপজেলা শহরের বিদ্যালয় ও কলেজে লেখাপড়া করে। নদের ওপর সেতু না থাকায় অনেকে বর্ষাকালে বিদ্যালয় ও কলেজে যেতে চায় না। এ ছাড়া কাঁচা পাঁচ কিলোমিটার পথ ঘুরে যেতে হয়, সেটিও এক হাঁটু কাদা হয়। ফলে তারা ভয়ে সাঁকো ও কাঁচা সড়কের ওপর দিয়ে চলাচল করতে চায় না।
জোড়াপুল গ্রামের এয়াকুব আলী বলেন, বর্ষাকালে প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা ভয়ে সাঁকোর ওপর দিয়ে ওপারের স্কুলে যেতে চায় না। ফলে বর্ষাকালে তাদের স্কুলে যাওয়া বন্ধ থাকে। এতে তাঁদের ছেলেমেয়েদের লেখাপড়া কম হয়।
কুচলিবাড়ি ইউপির চেয়ারম্যান হামিদুল হক বলেন, ‘সেতুটি নির্মাণের জন্য চেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যেই স্থানীয় সাংসদ ও সাবেক প্রতিমন্ত্রী মোতাহার হোসেনের সঙ্গে সেতুটি করার বিষয়ে কথা বলেছি। তিনি এটি করার ব্যাপারে ডিও লেটার দিয়েছেন বলে আমাকে জানিয়েছেন।’
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাটগ্রাম উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান বলেন, সেতুটি নির্মাণে প্রকল্প অন্তর্ভুক্তির জন্য এলজিইডির প্রধান কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। নকশা প্রণয়নের কাজও চলছে। বরাদ্দ এলেই সেতুটির নির্মাণকাজ শুরু হবে।