পাটগ্রামে বিএসএফের হামলায় বাংলাদেশি নারীআহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে গতকাল বুধবার দুপুরে বিএসএফের হাতে এক বাংলাদেশি নারী আহত হয়েছেন। তিনি হলেন দহগ্রাম-আঙ্গরপোতা ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আমিনুর রহমানের স্ত্রী সুফিয়া বেগম (২২)। এ ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে প্রতিবাদ জানানোর পর ভুল স্বীকার করেছে বিএসএফ। বিজিবি সূত্রে এ কথা জানা গেছে।
বিজিবি ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল দুপুরে ডিএমপি ১ নম্বর মেইন পিলারের কাছে বাংলাদেশি কৃষক আমিনুরের স্ত্রী সুফিয়া বেগম সীমান্ত লাগোয়া জমিতে তিনটি গরু বাঁধেন। গরুগুলো ঘাস খেতে খেতে একপর্যায়ে ভারতীয় অংশে ঢুকে পড়ে। এ সময় কুচবিহার-২২ বিএসএফ ব্যাটালিয়নের ওমর ক্যাম্পের সদস্যরা গরুগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন গরুর রশি ধরে টানাহেঁচড়ার একপর্যায়ে সুফিয়া বেগমকে ধাক্কা দেন বিএসএফের সদস্যরা। তখন তাঁর চিৎকারে এলাকাবাসী ছুটে এলে বিএসএফের সদস্যরা পালিয়ে যান।