পাটগ্রামে বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রামে বন্যাকবলিত আটটি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে পানি নেমে গেছে। এখন বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। লোকজন বাড়িতে ফিরে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে।

গতকাল শুক্রবার সরেজমিনে দেখা গেছে, জোংড়া ইউনিয়নের বিলুপ্ত বাঁশকাটা ছিটমহলের বাঁশকাটা-ঘোষপাড়া-নন্দেরঘাট-বসতটারী সড়কের তিনটি স্থানে প্রায় ৪০০ মিটার ভেঙে গেছে। ধবলগুড়ি-সরকারেরহাট আঞ্চলিক সড়কে দুটি সেতু ভাঙা। উপজেলা সদরের সঙ্গে ইউনিয়নের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বাউরা ইউনিয়নের সানিয়ারজান গুচ্ছগ্রামে সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। শহরের বেশির ভাগ এলাকার পাকা সড়কের ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পাটগ্রাম কৃষি কর্মকর্তা নূর আলম জানান, বন্যায় উপজেলার ১০ হাজার ৩০০ হেক্টর জমির আমন পানিতে তলিয়ে গেছে। ইউএনও নূর কুতুবুল আলম বলেন, ত্রাণ হিসেবে ৮ ইউনিয়নে ৫০ টন চাল ও নগদ ৭৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। জোংড়া ইউনিয়নের বিধ্বস্ত সেতুটির পাশে বাঁশের সাঁকো নির্মাণ করে মানুষের চলাচলের ব্যবস্থা করা হবে।