পাটগ্রামে বোরো ছেড়ে ভুট্টা চাষে ঝুঁকছেন কৃষকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এবার বোরো আবাদ কমেছে। বোরো ধান চাষে খরচ বেশি হওয়ায় এ মৌসুমে উপজেলার কৃষকেরা ভুট্টা আবাদের দিকে ঝুঁকছেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাটগ্রাম উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২১ হাজার ২৬০ হেক্টর চাষযোগ্য আবাদি জমি রয়েছে। এর মধ্যে এবার সাড়ে ৩ হাজার হেক্টর জমিতে বোরো ধান ও ১৫ হাজার ৫০০ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতবার ৬ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো ধান ও ১২ হাজার ৫৫০ হেক্টর জমিতে ভুট্টা চাষ হয়েছিল।

উপজেলার ধবলসূতি গ্রামের কৃষক আবদুল কাদের (৪৭) বলেন, এ বছর নিজের পরিবারের খাওয়ার জন্য দেড় একর জমিতে বোরো চাষের জন্য তিনি ২৫ শতাংশ জমিতে বীজতলা তৈির করেছেন। আর চার একর জমিতে ভুট্টা লাগানো হয়েছে। ভুট্টাতে সেচ খরচ কম ও দামও ভালো। তাই তিনি এ কাজ করেছেন।

সম্প্রতি সরেজমিনে উপজেলার বুড়িমারী, কুচলিবাড়ি ও জোংড়া ইউনিয়নের পাঁচটি গ্রাম ঘুরে দেখা যায়, অধিকাংশ খেতে কৃষকেরা ভুট্টার বীজ বপন করেছেন। আর কিছু খেত ফাঁকা রেখেছেন। এ বিষয়ে জানতে চাইলে উপজেলার পানবাড়ি গ্রামের কৃষক আবদুল কুদ্দুস (৬৫) বলেন, গতবার বোরো চাষে আবাদের খরচও ওঠেনি। তাই তিনি এবার কোনো জমিতে বোরো ধান চাষ করবেন না। সব জমিতে ভুট্টা লাগাবেন।

 জোংড়া গ্রামের কৃষক রেজাউল করিম (৪৭) বলেন, বোরো সেচে খরচ বেশি লাগে, তাই তিনি তাঁর আট বিঘা জমিতে ভুট্টা লাগাবেন। বাকি জমিতে অন্য ফসল করবেন।

পাটগ্রামের উপসহকারী কৃষি কর্মকর্তা আতাউর জামান বলেন, ধানের চাষে সেচসহ অতিরিক্ত খরচ হয়, এ ছাড়া ধানে দাম কম। তবে ভুট্টার বাজারদর ভালো থাকায় কৃষকেরা ভুট্টা চাষের দিকে বেশি ঝুঁকচ্ছেন।

 এ ব্যাপারে পাটগ্রামের কৃষি কর্মকর্তা নুর আলম বলেন, এ এলাকার মাটি বেলে-দোআঁশ প্রকৃতি হওয়ায় বোরো ধান চাষে পানি বেশি লাগে। এক দিনের বেশি পানি থাকে না, যার কারণে খরচ বেশি লাগে। এ জন্য কৃষকদের মাঝে আউশ চাষের প্রচারণাসহ কৃষকদের অন্য ফসল চাষে উৎসাহিত করা হচ্ছে। তাই কৃষকদের বোরো চাষে আগ্রহ কমে গেছে। এ ছাড়া ভুট্টা চাষে সেচ খরচ কম, উৎপাদনও বেশি, দামও ভালো। এ কারণে কৃষকেরা ভুট্টা চাষের দিকে ঝুঁকছেন।