পাটগ্রামে ভারতীয় চোরাই চায়ে বাজার সয়লাব
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চোরাইপথে আসা ভারতীয় চায়ের জমজমাট ব্যবসা চলছে। দেশি চায়ের তুলনায় দাম কম হওয়ায় উপজেলার হাটবাজার ও গ্রামগঞ্জে দোকানদারেরা এই চা বিক্রি করছেন। এতে দেশি চা কোম্পানির বিক্রি কমে গেছে। এতে অনেকেই এই উপজেলা থেকে ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হচ্ছেন।
কয়েকজন ব্যবসায়ী জানান, ভারতীয় সীমান্তবর্তী উপজেলার বিভিন্ন এলাকা দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে চায়ের পাতা ঢোকে। উপজেলার কলসীরমুখ, সফিরহাট, জমগ্রাম, মুগলিবাড়ি, আমবাড়ী, শ্রীরামপুর, জালাঙ্গী, হরিরহাট, মুন্সিরহাট, ভেরভেরিরহাট, সরকারেরহাট, ধব্বলগুড়ি দিয়ে ভারতে ছাগল পাচার হয় আর আসে হাজার হাজার কেজি চায়ের পাতা।
পৌরবাজারের চারজন হোটেলমালিক নাম প্রকাশ না করার শর্তে জানান, ভারত থেকে চোরাইপথে আসা এসব চা-পাতায় রং মেশানো থাকে। তাই দেশি চায়ের তুলনায় এর দাম অনেক কম। রং মেশানো থাকায় অল্প পরিমাণে চা-পাতা ব্যবহার করে বেশি পরিমাণে চা তৈরি করা যায়। চায়ের রং বেশ ভালো হয়।
গত বৃহস্পতিবার উপজেলার পৌর বাজারের মুদি দোকানে সরেজমিনে ঘুরে দেখা গেছে, দোকানে ভারতীয় বিভিন্ন কোম্পানির চা-পাতার প্যাকেটের পসরা সাজিয়ে রাখা হয়েছে। এ সময় এক দোকানদার ভারতীয় এক কেজি চায়ের একটি প্যাকেট দেখিয়ে বলেন, এ রকম একটি চায়ের প্যাকেট বাংলাদেশি হলে এর খুচরা মূল্য ৩০০ থেকে ৩৫০ টাকা। আর ভারত থেকে চোরাপথে আসা এই প্যাকেটের দাম ১৫০ টাকা।
পাটগ্রাম পৌর বাজারের চার-পাঁচজন মুদি দোকানদার জানান, ভারত থেকে চোরাইপথে চা-পাতা আসায় দেশি কোম্পানির চা বিক্রি হচ্ছে না। গত শীত মৌসুমে পাটগ্রাম উপজেলায় দেশি কোম্পানির যে পরিমাণ চা বিক্রি হয়েছে, সেই তুলনায় এ বছর তার অর্ধেকেরও কম বিক্রি হয়েছে। দাম কম হওয়ায় ক্রেতারা ভারতীয় চা কিনতে আগ্রহী বেশি।
দেশি একটি চা কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি বলেন, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাস থেকে তাঁদের কোম্পানির চা বিক্রি প্রতি মাসে গড়ে তিন থেকে চার লাখ টাকা কমে যায়। গত বছর ও চলতি বছরে প্রতি মাসে গড়ে ১০ লাখ টাকা বিক্রি কমে গেছে। এ কারণে দেশি কয়েকটি চা কোম্পানি তাদের ব্যবসা গুটিয়ে এখান থেকে চলে গেছে। চোরাইপথে সবচেয়ে বেশি চা-পাতা আসে উপজেলার বাউরা ইউনিয়নের সীমান্ত দিয়ে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) পুণব কুমার দাস বলেন, এই রং মেশানো চা পান করলে জন্ডিস, চর্ম, কিডনি, ক্যানসারসহ বিভিন্ন রোগ হতে পারে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েকজন সদস্য জানান, ভারত থেকে চোরাইপথে দুই-চার প্যাকেট চা আসতে পারে। তবে স্থানীয় মানুষ সহযোগিতা না করলে এটা বন্ধ করা সম্ভব নয়।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক কর্মকর্তা বলেন, চোরাইপথে ভারতীয় চা যাতে আর না আসে, সে জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।