পাটগ্রামে সংঘর্ষ, গুলিতে নিহত ১
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় আজ সোমবার আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একপর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। গুলিবিদ্ধ হয়ে নাসির (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার পৌর সদরের সোহাগপুর এলাকায় দুটি স্থানে আজ সকাল নয়টার দিকে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীরা সমবেত হন। একপর্যায়ে তাঁরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় তাঁরা পরস্পরের দিকে ইট-পাটকেল ছোড়েন।
এলাকাবাসীর দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এ সময় নাসির নামের একজন গুলিবিদ্ধ হন। তাঁর বাড়ি পৌর সদরের সোহাগপুরে। ঘটনাস্থল থেকে পুলিশ একজনকে আটক করে।
গুলিবিদ্ধ নাসিরকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিত্সা কর্মকর্তা পি কে দাস জানান, গুলিবিদ্ধ নাসির মারা গেছেন।
গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হওয়ার কথা স্বীকার করে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, লাশ থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।