পাটগ্রামে সিলিকোসিস রোগে আরও এক শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার উফারমারা ঘুণ্টি গ্রামের পাথরশ্রমিক আমিরুল হক (৪৮) গতকাল মঙ্গলবার সিলিকোসিস রোগে মারা গেছেন। এই নিয়ে পাটগ্রামে ২০০৯ সালের পর থেকে এ পর্যন্ত সিলিকোসিসে ১৮ জনের মৃত্যু হলো। চলতি বছরই মারা গেলেন দুজন। বিশেষজ্ঞরা জানান, মুক্ত সিলিকার ক্রিস্টাল বা সিলিকন ডাই-অক্সাইড নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকলে এ রোগ হয়। সিলিকার কণা ঢুকলে তা ফুসফুসের কর্মক্ষমতা ধীরে ধীরে নষ্ট করতে থাকে। একপর্যায়ে ফুসফুস কর্মক্ষমতাই হারিয়ে ফেলে। পাথর কাটা ও গুঁড়া করার কাজে নিয়োজিত শ্রমিকদের এ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি।পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, ‘বাংলাদেশে পাটগ্রামেই প্রথম সিলিকোসিস রোগ শনাক্ত হয়। এই রোগে চলতি বছর মানু মিয়া, আমিরুল হকসহ ২০০৯ সালের পর মোট ১৮ জনের মৃত্যু হলো। বর্তমানে শতাধিক ব্যক্তি এই রোগে ভুগছেন।’আমিরুলের পরিবার সূত্র জানায়, আমিরুল বুড়িমারী স্থলবন্দরে প্রায় চার বছর পাথর গুঁড়া করার কাজ করেন। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে তাঁর সিলিকোসিস রোগ ধরা পড়ে। ১১ জুলাই থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত আমিরুল জাতীয় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার তিনি বাড়ি ফেরেন। গতকাল সকালে তিনি মারা যান।শ্রমিকদের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করা বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস্) গবেষণা ও প্রকল্প উন্নয়ন কর্মকর্তা আফজাল কবির খান জানান, বিলস্ আমিরুলের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করবে।