পাটগ্রামে সিলিকোসিসে পাঁচ বছরে ৩৪ শ্রমিকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে গত পাঁচ বছরে ৩৪ শ্রমিকের মৃত্যু হয়েছে। এর পরও সরকারিভাবে এই রোগ প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
বুড়িমারী উপস্বাস্থ্যকেন্দ্রের উপসহকারী কমিউনিটি মেডিকেল চিকিৎসক আইয়ুব আলী সরকার বলেন, যেসব শ্রমিক পাথর কাটা ও ভাঙার কাজ করেন, সাধারণত তাঁদের মধ্যে সিলিকোসিস রোগের প্রকোপ দেখা যায়। বুড়িমারী স্থলবন্দরে দীর্ঘদিন ধরে শত শত শ্রমিক বিভিন্ন ছোট-বড় পাথর ভাঙার কাজ করে আসছেন। লাইম স্টোন, কোয়াটজন স্টোন বোল্ডার, গ্রিন বোল্ডার, ডলোমাইন পাথর মেশিনে গুঁড়া করার সময় এর মুক্ত সিলিকার ক্রিস্টাল বা সিলিকন ডাই-অক্সাইড নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে ঢুকলে এ রোগ হয়। সিলিকার কণা ফুসফুসের কর্মক্ষমতা ধীরে ধীরে নষ্ট করে দেয়।
২০১২ সালের আগস্ট মাসে বুড়িমারীতে এক সেমিনারে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের গবেষক ফজলে রাব্বী জানান, মরণব্যাধি সিলিকোসিসে আক্রান্তদের বাইরে থেকে স্বাভাবিক দেখা যায়। কিন্তু ভেতরে ফুসফুস পুরোপুরি নষ্ট হয়ে যায়। শুরুতেই চিকিৎসা না করালে রোগীকে বাঁচানো সম্ভব হয় না।
বুড়িমারী-পাটগ্রাম পাথর গুঁড়া মেশিনের সুরক্ষা কমিটির আহ্বায়ক মমিন আলী দাবি করেন, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ৩৪ জন শ্রমিক মারা গেছেন।
ইউনিয়নের উফারমারার বামনদল, দড়িকামাথ ও বানিয়াবাড়ি ঘুরে দেখা গেছে, বিভিন্ন সড়ক ও আশপাশের জমিতে একশ্রেণির পাথর ক্র্যাশিং মেশিন চলছে। নাক-মুখে কোনো ধরনের মাস্ক না পরেই শ্রমিকেরা পাথর ভাঙছে। আর চারপাশ দিয়ে উড়ছে পাথরের গুঁড়া। প্রায় একই অবস্থা দেখা যায় বুড়িমারী স্থলবন্দর এলাকার কারখানাগুলোতেও।
উফারমারার দড়িকামাত এলাকার শ্রমিক বুলবুল হোসেন (২৫) জানান, তিনি বুড়িমারীর ফাতেমা এন্টারপ্রাইজ ও সেন্টুর মেশিনে পাথর ভাঙার কাজ করতেন। ২০১২ সালে সিলিকোসিসে আক্রান্ত হয়ে ঢাকায় বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসা নেন। এখন কিছুটা ভালো হলেও ভারী কাজ করতে পারেন না। বামনদলগ্রামের শ্রমিক সর্দার মতিউল ইসলাম বলেন, তাঁর দলের ১৬ জন শ্রমিক পাথর ভাঙার কারখানায় চার-পাঁচ বছর ধরে কাজ করার পর সিলিকোসিস রোগে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেও এ রোগে ভুগছেন।
বুড়িমারী স্থলবন্দরে কয়েকটি কারখানায় গিয়ে অধিকাংশ মালিককে খুঁজে পাওয়া যায়নি। জানা গেছে, এসব মেশিনের মালিকেরা ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এসে এখানে মেশিন বসিয়েছেন। আর সেগুলোতে কাজ করেন শুধু স্থানীয় শ্রমিকেরা।
বুড়িমারী স্থলবন্দরের মেমার্স ফাতেমা ট্রেডার্স নামের একটি প্রতিষ্ঠানে গিয়ে কথা হয় আমিরুল ইসলামের সঙ্গে। তিনি নিজেকে এর মালিক দাবি করেন। আমিরুল বলেন, এখানে ভাঙা পাথরের গুঁড়া মুরগির খাবার তৈরিতে ব্যবহার করা হয়। এ কাজ মানুষের স্বাস্থ্যের কোনো ক্ষতি করে না বলে দাবি করেন তিনি।
স্থলবন্দর বাজারের সড়কের পাশে মেসার্স সিয়াম এন্টারপ্রাইজে গিয়ে মালিক রাজশাহীর মাহাবুবুর রহমানকে পাওয়া যায়নি। তবে সেখানে নাম না প্রকাশ করার শর্তে একজন কর্মকর্তা জানান, লাইম স্টোন পাথরের গুঁড়া দিয়ে মাছ ও মুরগির খাদ্য উৎপাদন করা হয়। এগুলো গুঁড়ার কাজ করলে কোনো ক্ষতি হয় না।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, সিলিকোসিসের চিকিৎসার কোনো ব্যবস্থা উপজেলার হাসপাতালে নেই। যারা এ রোগে আক্রান্ত হয়, তাদের উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় পাঠানো হয়।
পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মোহাম্মদ বলেন, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল ছাড়া এসব রোগীর চিকিৎসা দেওয়া যায় না। তবে বুড়িমারীতে পাথর গুঁড়া করা মেশিনগুলোতে শ্রমিকদের সুরক্ষার বিষয়ে প্রশাসনিকভাবে কার্যকরী পদক্ষেপ নেওয়া হলে এ রোগ প্রতিরোধ করা সম্ভব। তবে মুখে মাস্ক পরে পাথর ভাঙার কাজ করলে রোগ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।