পাটগ্রামে সেতুর অভাবে ২৫ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের জোংড়া গ্রামে পাটগ্রাম-ধবলগুড়ি আঞ্চলিক সড়কে বিধ্বস্ত সেতুটি সাত মাসেও নির্মাণ হয়নি। এতে অন্তত ২৫ গ্রামের মানুষ দুর্ভোগের শিকার হচ্ছেন। তঁারা বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ সালের বন্যায় সেতুটি বিধ্বস্ত হলে ১৯৯০ সালের দিকে আবারও সেতুটি নির্মাণ করা হয়। এরপর গত বছরের বন্যায় ধরলা নদীর ভাঙনে আবারও সেতুটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। পরে সেতুর পাশে বাঁশের সাঁকো তৈরি করা হয়। ওই সাঁকো দিয়ে চলাচল করছেন ওই ইউনিয়নের ধবলগুড়ি, কাজিপাড়া, জুগিটারী, চর্তুরবাড়ি, মুসলিমপাড়া, ভাটিয়াপাড়া, নস্করেরহাট, জনতারহাট, নন্দেরঘাট, ধবলগুড়ি, শালবাড়ি, বটতলী গ্রামসহ ২৫ গ্রামের মানুষ।
সরেজমিনে দেখা যায়, জোংড়া গ্রামে বিধ্বস্ত সেতুটি ধবলগুড়ি গ্রামসহ ২৫টি গ্রাম দুই ভাগে ভাগ করেছে। ওই সেতুর পাশে বাঁশের সাঁকো রয়েছে। সাঁকোটির অবস্থাও বেহাল। সাঁকোটি একটু কাত হয়ে আছে। কাত হওয়া সাঁকোটিকে বাঁশ দিয়ে আটকিয়ে রাখা হয়েছে যাতে সেটি পড়ে না যায়।
এ সময় জোংড়া গ্রামের কৃষক গোলাম মোস্তফা (৬৫) বলেন, ‘তিন-চার মাস ধরি উপজেলা থাকি ইঞ্জিনিয়ার (প্রকৌশলী) অফিসের লোক খালি আইসে আর মাপি যায়। পুল তো আর হয় না। তোমরায় কন আর কতবার মাপি গেইলে এটে কোনা পুল হইবে?’
ধবলগুড়ি গ্রামের কফিল হোসেন (৫৫) বলেন, এই পথ উপজেলা সদরে চলাচলের একমাত্র গুরুত্বপূর্ণ পাকা সড়ক। সেতুটি নির্মাণ না করায় ওই সব গ্রামের মানুষজনের কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলার রসুলগঞ্জ হাটে নিয়ে যেতে অতিরিক্ত খরচ করতে হচ্ছে।
কলেজছাত্র আলিফ হোসেন বলেন, গ্রামের অনেক ছেলেমেয়ে উপজেলা শহরের স্কুল কলেজে লেখাপড়া করে। সেতুটি নির্মাণ না করায় তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। প্রথম দিকে বাঁশের সাঁকোটি ভালো ছিল। পরে সাঁকোটি নড়বড়ে হয়ে যায়। এতে ভয়ে ও ছেলেমেয়েরা স্কুলে যেতে চায় না।
কাজিপাড়া গ্রামের কৃষক রবিউল আলম ও ভ্যানচালক আজিবর বলেন, ‘বানের (বন্যা) পানিত গেল বছর পুল ভাঙি গেইছে। এই বাঁশের পুল দিয়া হামাক আর কত দিন চলবার নাগবে। কত দিনে হইবে পুল?’ এই বাঁশের পুল দিয়ে গ্রামের মানুষজনের কৃষিপণ্য বিক্রির জন্য উপজেলার সদরের হাটে নিয়ে যেতে হয়। তাই সেতুটি হলে এ অঞ্চলে ফসল সরাসরি যানবাহনে করে কৃষকেরা নির্ধারিত হাটবাজারে নিতে পারতেন।
জোংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী বলেন, ‘সেতুটি হওয়া জরুির। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও প্রকৌশলী সঙ্গে কথা বলেছি।’ তাঁরা বলেছেন, এটি করার ব্যাপারে তাঁদের চেষ্টা অব্যাহত রয়েছে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাটগ্রাম উপজেলা প্রকৌশলী আবু তৈয়ব মো. শামসুজ্জামান বলেন, এলজিইডির প্রধান কার্যালয়ে সেতুটি নির্মাণের জন্য প্রতিবেদন পাঠনো হয়েছে। সেতুটির ডিজাইনও আগের চেয়ে বড় করা হয়েছে। তবে নকশা প্রণয়নের কাজও চলছে। তাই এ প্রকল্পের অনুমতি আসলে সেতুটির নির্মাণকাজ শুরু করা যাবে।