পাটগ্রামে সেতুর কষ্টে হাজারো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম পৌর সদরের সিঙ্গিমারী নদীর ওপর ১৪ বছরেও সেতু নির্মাণ করা হয়নি। এতে ঝুঁকি নিয়ে বাঁশের সাঁকো পারাপার হচ্ছে মানুষ।
স্থানীয় বাসিন্দারা বলেন, ১৯৯৯ সালে পাটগ্রাম পৌরসভা প্রতিষ্ঠিত হয়। ৭ ও ৮ নম্বর ওয়ার্ড পৌরসভার মধ্যে পড়েছে। এ ছাড়া কুচলিবাড়ি, দহগ্রাম ও ২ নম্বর পাটগ্রাম ইউনিয়নসহ তিনটি ইউনিয়নের প্রায় ২৫ হাজার মানুষ ওই বাঁশের সাঁকো দিয়ে পারাপার হয়। এ নিয়ে পৌরসভার মেয়রসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সেতু নির্মাণে এখনো উদ্যোগ নেওয়া হয়নি।
সরেজমিন দেখা গেছে, সিঙ্গিমারী নদী কলাবেচাটারি গ্রামটিকে বিভক্ত করেছে। নদী পারাপারে নড়বড়ে বাঁশের সাঁকো রয়েছে। এলাকাবাসী ঝুঁকি নিয়ে সাঁকো দিয়ে চলাচল করছে। সাঁকো পার হলেই পাটগ্রাম-দহগ্রাম-আঙ্গরপোতা আঞ্চলিক সড়ক। এখান থেকে মাত্র এক কিলোমিটার দূরে পাটগ্রাম উপজেলা শহর।
কলাবেচাটারি গ্রামের ব্যবসায়ী নুরুজ্জামান বলেন, সেতু না থাকায় তাঁদের অনেক ঘুরে উপজেলা শহরে যাতায়াত করতে হচ্ছে। এখানে পৌরসভা থেকে পাকা সড়কসহ নদীর ওপর সেতু করা হলে ২০-২৫ হাজার লোকের যাতায়াতের সুবিধা হবে। এতে সময় কম লাগবে। অতিরিক্ত খরচও বাঁচবে।
কুচলিবাড়ি ও দহগ্রাম ইউনিয়নের ১৫ জন কৃষক বলেন, এ সাঁকোর ওপর দিয়ে গেলে পাটগ্রাম উপজেলা শহরের দূরত্ব এক কিলোমিটার। তবে কৃষিপণ্য নিয়ে এর ওপর দিয়ে চলাচল করা যায় না। এ কারণে চার কিলোমিটার ঘুরে কৃষিপণ্য নিয়ে উপজেলা শহরের রসুলগঞ্জ হাটে যেতে হয়। এতে তাঁদের বাড়তি খরচ হচ্ছে।
পাটগ্রাম আদর্শ ডিগ্রি কলেজের প্রথম বর্ষের ছাত্র জুয়েল হোসেন বলে, গ্রামের অনেক ছেলেমেয়ে উপজেলা শহরের বিদ্যালয় ও কলেজে লেখাপড়া করে। নদীর ওপর সেতু না থাকায় অনেকে বর্ষাকালে বিদ্যালয় ও কলেজে যায় চার কিলোমিটার পথ ঘুরে। বাঁশের সাঁকোটি নড়বড়ে হওয়ায় তারা ভয়ে এর ওপর দিয়ে চলাচল করতে চায় না।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের পাটগ্রাম কার্যালয়ের উপজেলা উপসহকারী প্রকৌশলী হায়দার আলী আকবর বলেন, এলাকাটি পৌরসভার মধ্যে পড়েছে। তাই সেতু নির্মাণের বিষয়ে পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করতে হবে।
পাটগ্রাম পৌর মেয়র শমসের আলী বলেন, বর্ষার পর সেখানে একটি সেতু (ছোট যানবাহন চলাচলের জন্য) নির্মাণের কাজ শুরু করা হবে।