পাটগ্রামে স্কুলছাত্রী এসিড-সন্ত্রাসের শিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা হোসনাবাদ গ্রামে সাজেদা আক্তার (১২) নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্রী এসিড-সন্ত্রাসের শিকার হয়েছে। দুর্বৃত্তদের ছোড়া এসিডে তার মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত রোববার রাতে বড়বাড়ি ব্র্যাক প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী সাজেদা তাদের ঘরে ঘুমিয়ে ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা ঘরের দরজা খুলে সাজেদার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় সাজেদার চিৎকারে তার পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসে। এসিডের সংস্পর্শে সাজেদার মাথার চুল পড়ে গেছে এবং মাথায় ক্ষতের সৃষ্টি হয়েছে।সাজেদার বাবা জামাল বলেন, প্রতিপক্ষের সঙ্গে তাঁর জমিসংক্রান্ত বিরোধ নিয়ে গত রোববার সকালে একটি সালিস হয়েছে। ওই ঘটনাকে কেন্দ্র করে এসিড নিক্ষেপের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত সহকারী সার্জন এলিনা পারভীন বলেন, সাজেদার ওপর যে এসিড নিক্ষেপ করা হয়েছে, তাতে ক্ষারের পরিমাণ কম। তবে এসিড পড়ায় তার মাথার চুল স্থায়ীভাবে পড়ে যাবে। কোন ধরনের এসিড তার ওপর নিক্ষেপ করা হয়েছে, ফরেনসিক পরীক্ষা ছাড়া তা বলা যাবে না।পাটগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মোকসেদ আলী বলেন, ‘এ ব্যাপারে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’