পাটগ্রামে ৩৩ দিনের মধ্যে ১৬ দিনই বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ঝড় বা বৃষ্টি হলে বিদ্যুৎ চলে যায়। একবার গেলে দুই থেকে সাত দিন পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। এভাবে ৩৩ দিনের মধ্যে ১৬ দিনই উপজেলায় বিদ্যুৎ ছিল না। বিদ্যুৎ সরবরাহের এই বেহাল দশায় উপজেলার প্রায় ২০ হাজার গ্রাহক ভোগান্তি পোহাচ্ছেন।
ভুক্তভোগী লোকজন বলেন, এবার ঝড়-বৃষ্টি শুরু হয় মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে। মার্চের শেষ দুই সপ্তাহের মধে৵ সাত দিন বিদ্যুৎ ছিল না। আর এপ্রিলের প্রথম সপ্তাহে চার দিন, দ্বিতীয় সপ্তাহে দুই দিন আর তৃতীয় সপ্তাহে তিন দিন বিদ্যুৎ ছিল না। যে ১৭ দিন বিদ্যুৎ ছিল, ওই সময়টাতেও অনেক লোডশেডিং হয়। এ অবস্থায় সাধারণ গ্রাহক এবং প্রায় ৫ হাজার ৪০০ সেচপাম্পের মালিক অত্যন্ত ভোগান্তির শিকার হন। গত শনিবার বেলা পৌনে দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ১০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করেছে। আর প্রতিবার সর্বনিম্ন ১ থেকে ২০ মিনিট করে বিদ্যুৎ ছিল না।
পাটগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) কার্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলায় বিদ্যুতের সাবস্টেশনের আওতায় পাটগ্রাম সদর, পানবাড়ি, বাউরা ও বুড়িমারী এলাকায় চারটি ফিডার রয়েছে। চারটি ফিডারে প্রতিদিন বিদ্যুতের চাহিদা ১২ মেগাওয়াট। তবে পাওয়া যায় মাত্র ৫ মেগাওয়াট, তা-ও আবার লো-ভোল্টেজের। আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মাঝেমধ্যে সরবরাহ ব্যাহত হয়।
পৌরসভার ঝাকুয়াটি গ্রামের কৃষক আব্বাস আলী (৪৫) বলেন, আকাশ ভালো থাকলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ থাকে না। তাতে ছেলেমেয়েদের লেখাপড়ায় যেমন সমস্যা হয়, আবার গরমে ঘুমও হয় না। আর ঝড় শুরু হলে বিদ্যুৎ তো আর আসেই না।
পিডিবির পাটগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৭৮ সালে লালমনিরহাট জেলা সদর থেকে পাটগ্রাম উপজেলা পর্যন্ত ৯০ কিলোমিটার ৩৩ কেভি সঞ্চালন লাইনের তার টানা হয়। বিদ্যুৎ সমস্যা কমাতে পিডিবি ২০১৫ সালে নতুন একটি ডুয়েলকোর ৩৩ কেভি সঞ্চালন লাইনের পোল (খুঁটি) স্থাপন করে। কিন্তু অবস্থার কোনো উন্নতি হয়নি।
পিডিবির সূত্র আরও জানায়, তারের প্রতিটি খুঁটিতেই ইনসুলেটর থাকে। ঝড়, বৃষ্টি ও বজ্রপাতের কারণে বিদ্যুৎ সঞ্চালন লাইনের ইনসুলেটরগুলো পুরোনো হওয়ায় পুড়ে যাচ্ছে। কোনো খুঁটির ইনসুলেটর পুড়ে গেলে তা খুঁজে বের করতে সময় লাগে। ফলে উপজেলায় স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে এক থেকে পাঁচ দিন সময় লেগে যায়।
পিডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ৩৩ কেভি সঞ্চালন লাইন ৩৩ কিলোমিটারের জন্য। অথচ এটি ৯০ কিলোমিটার দূর পর্যন্ত টানা হয়েছে। তা ছাড়া দূরত্বের জন্য সঞ্চালন লাইনের ইনসুলেটর ও তারের সমস্যায় পিডিবির প্রায় সাড়ে তিন লাখ ইউনিট বিদ্যুতের ক্ষতি হচ্ছে।
পাটগ্রাম আবাসিক নির্বাহী প্রকৌশলী (বিতরণ) আবদুল মতিন বলেন, লালমনিরহাট-পাটগ্রাম বিদ্যুৎ সঞ্চালন লাইনের মূল সমস্যা দূরত্ব। এ কারণে বিদ্যুৎ বারবার বিচ্ছিন্ন হচ্ছে। এ ছাড়া ডুয়েলকোর লাইনের খুঁটি মহাসড়কে স্থাপন করায় যানবাহনের ধাক্কায় এটি ক্ষতিগ্রস্ত হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, বিদ্যুতে যে হালচাল, তাতে এলাকার সার্বিক উন্নয়ন ব্যাহত হবে। এভাবে চলতে থাকলে এ এলাকায় কেউ কলকারখানা স্থাপনে এগিয়ে আসবে না।