বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবল আন্তজেলা টুর্নামেন্টের (বালিকা) চূড়ান্ত খেলায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় বিভাগীয় চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল সোমবার দুপুরে পাটগ্রাম উপজেলা শহীদ আফজাল মিলনায়তনে বিজয়ীদের সংবর্ধনা দেওয়া হয়।
এদিকে রংপুরে কারমাইকেল কলেজে গতকাল সোমবার থেকে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। এ প্রতিযোগিতায় কলেজের ১৮টি বিভাগ ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়সহ ১৯টি দল অংশ নিয়েছে।
পাটগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি দুপুরে বিজয়ীদের সংবর্ধনা দেয়। এতে প্রধান অতিথি ছিলেন পাটগ্রাম পরিষদের উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন। অনুষ্ঠানে সভাপত্বিত করেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেজানুর রহমান।
রংপুর বিভাগীয় প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে চলা চার দিনব্যাপী এ টুর্নামেন্টে রংপুর বিভাগের আট জেলা থেকে চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেয়। গত রোববার বিকেলে রংপুর জেলা স্টেডিয়ামে চূড়ান্ত খেলায় লালমনিরহাট জেলা চ্যাম্পিয়ন টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয় ২-১ গোলে রংপুর জেলা চ্যাম্পিয়ন রংপুর সদর উপজেলার পালিচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারায়।
টেপুরগাড়ী বিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রশীদ বলেন, পরের খেলায় তাঁরা দেশসেরা হতে চান।
এদিকে রংপুরে কারমাইকেল কলেজে গতকাল থেকে আন্তবিভাগ ফুটবল প্রতিযোগিতা শুরু হয়েছে। গতকাল সকালে কলেজ মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ বিনতে হুসাইন নাসরিন বানু। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সুজন শাহ-ই ফজলুল। গতকাল উদ্বোধনী খেলায় দর্শন বিভাগ মার্কেটিং বিভাগকে ২-০ গোলে হারায়।