পাটগ্রামের যত্রতত্র পাথর ভাঙার অবৈধ মেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর, বিদ্যালয় ও সড়কের পাশে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই পাথর ভাঙার মেশিন (স্টোন ক্রাশার) বসানো হয়েছে। এতে হুমকির মুখে পড়েছে জনস্বাস্থ্য। এসব মেশিনে কাজ করতে গিয়ে গত জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসে সিলিকোসিস রোগে আক্রান্ত হয়ে চারজন শ্রমিক মারা গেছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা প্রণব কুমার দাস জানান, ভাঙা পাথরের ধুলা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধুলা ও পাথরের কণা নাক-মুখ দিয়ে শরীরে ঢুকে শ্বাসকষ্ট, কাশি, সিলিকোসিসসহ নানা রোগে আক্রান্ত হতে পারে মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও প্রশাসনের নীরব ভূমিকার কারণে এলাকায় অবাধে বসানো হচ্ছে পাথর ভাঙার মেশিন। মালিকেরা সারা দিন ও রাত মেশিন চালাচ্ছেন। তাঁরা এখানে পাথর ভেঙে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছেন।
সরেজমিনে উপজেলার বেলতলী, উফারমার ঘুণ্টিঘর, ঘুড়িয়াটারী, বাঁশকল, বুড়িমারী বাজার, ঘাটেরপাড়, রেলস্টেশন, হাসর উদ্দিন উচ্চবিদ্যালয়ের চারপাশ ও বুড়িমারী স্থলবন্দর এলাকার তিন কিলোমিটার সড়কে পাথর ভাঙার মেশিন দেখা গেছে।
বুড়িমারী হাসির উদ্দিন উচ্চবিদ্যালয়, এক নম্বর বুড়িমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আলীমুদ্দিন সবুরদ্দিন বালিকা উচ্চবিদ্যালয়ের পাশে পাথর ভাঙা মেশিন বসানো হয়েছে। এতে বিদ্যালয় চলাকালে উচ্চমাত্রার শব্দ ও ধুলা-বালুতে পাঠদান ব্যাহত হয়। নাক ও মুখ দিয়ে ধুলা ও পাথরের কণা ঢুকে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
বুড়িমারী স্থলবন্দরের চার-পাঁচজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে বলেন, এলাকার ছোটখাটো পাথর ভাঙা মেশিন আছে। এ ছাড়া ঢাকাসহ বিভিন্ন জেলার বড় কয়েকটি প্রতিষ্ঠান ভারত ও ভুটান থেকে আমদানি করে এখানে বড় বড় মেশিন বসিয়ে পাথর গুঁড়া করছে। এসব মেশিন থেকে বের হওয়া ধুলায় ঘরবাড়ি ও ব্যবসা-প্রতিষ্ঠান অন্ধকারাচ্ছন্ন হয়ে থাকে।
নাম প্রকাশ না করার শর্তে বুড়িমারী স্থলবন্দরের চারটি মেশিনের মালিক জানান, এলাকার সবাই চালান, তাই তাঁরাও চালাচ্ছেন। পরিবেশ অধিদপ্তর কী, তা-ও তাঁদের জানা নেই।
পরিবেশ অধিদপ্তরের লালমনিরহাট জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রসায়নবিদ কামরুজ্জান বলেন, ওই এলাকায় পাথর ভাঙার মেশিনগুলো পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই অবৈধভাবে বসানো হয়েছে।
পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল হক বলেন, এ বিষয়ে জেলা পর্যায়ে আলোচনা হয়েছে। এসব উচ্ছেদের জন্য শিগগিরই অভিযান চালানো হবে।