পাটগ্রামের সাত ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল গত রোববার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সাত ইউনিয়নে বিলুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত। 

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। যাচাই-বাছাই ৭ অক্টোবর, প্রত্যাহার ১৪ অক্টোবর এবং ভোট গ্রহণ ৩১ অক্টোবর। ওই সাত ইউনিয়ন হলো পাটগ্রাম সদর, কুচলিবাড়ি, জগৎবেড়, বাউড়া, জোংড়া, শ্রীরামপুর ও বুড়িমারী।

পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, সাতটি ইউনিয়নে বিলুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত হওয়ায় ছিটমহলবাসী এবার ভোট দিতে পারবেন। 

গতকাল বুধবার বিকেলে উপজেলার ১১৯, ১১২ ও ১৫ নম্বর বাশঁকাটা ছিটমহল এবং ১৪ নম্বর লতামারী ছিটমহলে গিয়ে দেখা যায়, বাসিন্দারা নির্বাচনের খবরে বেশ খুশি। মাঠে-ঘাটে-রাস্তা ও বাড়ির উঠানে দলবদ্ধ হয়ে নির্বাচন নিয়ে তাঁরা আলোচনায় মেতেছেন। এ সময় ছিটমহলের বাসিন্দা রফিকুল ইসলাম (৫০) বলেন, ‘হামরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হইনো বাহে। এলা ভোটও দিবার পামো। আগোত (আমাদের) প্রতিবেশী ভাইয়ের ঘোর ভোটের সময় ভোট দিবার যায়, আর হামরা খালি দেখি। মনত ভোট দিবার জাগে। এলা নিজেই মনের ভোট দিবার যামো বাহে, মনের মতোন মানষিকে (মানুষ) ভোট দিবার পামো। চেয়ারম্যন, মেম্বার পামো। এলা হামার জন্য আনন্দের আর শেষ নাই।’ 

৪২ বছর বয়সী নূরনাহার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তাঁর ভাষায়, ‘কী কমো বাহে! দেখেছেন না বাহে, হামরা বাংলাদেশি হইছি! এ জন্য আনন্দ-উল্লাস করিছি। এলা হামরা ভোটার হইছি!’ 

বাশঁকাটার বৃদ্ধ বাহের আলী (৬০) বলেন, ‘বাহে ভোটার হওয়ার পাওয়ায় জীবনে একটি তিরিপ্তি (তৃপ্তি) পানুং। ছিটমহল থাকা অবস্থাত কখনো চিন্তাও করং নাই যে ভোট দিবার পাইম। সেই আশা এলা পূরণের পথে। ভোটার তালিকায় নাম যখন হইছে, উঠিছে—এবার ভোট দিবার পাইম।’ 

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ওই সাত ইউনিয়নে বিলুপ্ত ছিটমহল রয়েছে। এ কারণে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। তবে নতুন তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ভোট হবে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগ

আর্থিক সুবিধা নিয়ে পদোন্নতির অভিযোগ

লালমনিরহাট রেলওয়ে বিভাগে আর্থিক সুবিধা নিয়ে টিকিট সংগ্রহকারী (টিসি) পদ থেকে ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) পদে পদোন্নতি দেওয়ার অভিযোগে উঠেছে। ওই পদোন্নতির জন্য নেওয়া টাকার ভাগাভাগি নিয়ে গত সোমবার দুপুরে লালমনিরহাট রেল ভবনে ভাঙচুরের ঘটনাও ঘটেছে।

লালমনিরহাট রেলওয়ে বিভাগ সূত্রে জানা গেছে, লালমনিরহাট রেলওয়ে বিভাগের অধীন ট্রাফিক বিভাগে টিসি থেকে টিটিই পদে পদোন্নতির জন্য স্থানীয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের পাহারায় নয়জনকে ১৯ সেপ্টেম্বর নামকাওয়াস্তে পরীক্ষা নেওয়া হয়। এক দিনের মাথায় তাড়াহুড়া করে প্রতি প্রার্থীর কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ওই নয় পদে গোপনে পদোন্নতি দেওয়া হয়।

সরকারি বিধি ১৯৮৫ ধারা মতে, একজন প্রার্থীর বিপরীতে চারজন প্রার্থীর অংশ নেওয়ার নিয়ম থাকলেও কর্তৃপক্ষ নিয়মকানুনের তোয়াক্কা না করে প্রতি পদে একজন করে প্রার্থীর পরীক্ষা নিয়ে ওই পদোন্নতি দেয়।

নাম প্রকাশ না করার শর্তে লালমনিরহাট রেলওয়ে ট্রাফিক বিভাগের কয়েকজন টিসি এ পদোন্নতিকে অবৈধ অভিযোগ করে বলেন, যেসব টিসিকে পাঁচ বছর চাকরির মেয়াদ পূর্তিতেই টিটিই পদে পদোন্নতি দেওয়া হয়েছে, তাঁদের কয়েকজনের বিরুদ্ধে বিনা টিকিটে রেলভ্রমণের দায়ে আদায় করা টাকা আত্মসাতের অভিযোগসহ একাধিক অভিযোগ রয়েছে। নিয়োগসংশ্লিষ্ট কর্মকর্তারা ওই টিসিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে চাকরিতে পদোন্নতি দিয়েছেন। এলাকার যে সন্ত্রাসী বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ পদোন্নতি পরীক্ষা নেওয়া হয়, ওই বাহিনীর সদস্যরা টাকার ভাগ না পেয়ে গত সোমবার দুপুরে পদোন্নতি কমিটির আহ্বায়ক ও লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ট্রাফিক সুপারিনটেনডেন্টের (ডিটিএস) কার্যালয় ভাঙচুর করে। এসময়ে পদোন্নতি কমিটির সদস্যসচিব ও লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় পার্সোনেল অফিসার রবিউল ইসলাম সেখান থেকে সটকে পড়েন।

রবিউল বলেন, ‘যাঁরা এসব কথা রটিয়ে বেড়াচ্ছেন, তাঁরা নিজেরা লাভবান হতে পারেননি বলেই আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছেন।’ তিনি এক প্রশ্নের জবাবে বলেন, পদোন্নতিপ্রাপ্ত টিটিইদের কারও কারও বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থেকেও থাকে, তবে তা এত দিনে মীমাংসা হয়ে যাওয়ার কথা। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত সোমবার দুই যুবক এসে ডিটিএসের কার্যালয়ের ভেতরে জোর করে ঢুকে পড়লে গার্ডের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।

বিয়ের নিমন্ত্রণ দিয়ে বন্ধুকে ডেকে এনে হত্যার চেষ্টা

বিয়ের নিমন্ত্রণ দিয়ে ডেকে এনে গতকাল বুধবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে তারেক মাহবুব ওরফে মুন্না (২১) নামের এক তরুণকে তাঁর বন্ধু হত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে শাহজালাল মিয়া (২২) নামের এক তরুণকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, শাহজালাল গাইবান্ধা সদর উপজেলার আনালেরটারি গ্রামের আবু ছালেহের ছেলে। তিনি পড়াশোনা করতে দুই বছর আগে ঢাকায় যান। ঢাকায় কুমিল্লার তিতাস উপজেলার সাগরফেনা গ্রামের আবদুল করিমের ছেলে তারেক মাহবুবের সঙ্গে তাঁর পরিচয় হয়। তাঁদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। তারেক ও শাহজালাল একই কলেজে পড়াশোনা করতেন। তারেক পড়াশোনার পাশাপাশি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন।

এদিকে পড়াশোনা করা অবস্থায় শাহজালাল মাদকাসক্ত হয়ে পড়েন। প্রায় ছয় মাস আগে তিনি বাড়ি ফিরে আর ঢাকায় যাননি। ঈদের পর তিনি বন্ধু তারেককে মুঠোফোনে নিজের বিয়ের নিমন্ত্রণ করেন। নিমন্ত্রণ পেয়ে গতকাল সকাল সাতটায় তারেক কুমিল্লা থেকে গাইবান্ধায় পৌঁছান। এ সময় শাহজালাল বন্ধু তারেককে সুন্দরগঞ্জের ফকিরপাড়া গ্রামে অবস্থিত সোনার বাংলা নামের একটি এনজিওর পরিত্যক্ত ঘরে নিয়ে যান। সেখানে শাহজালাল ও তাঁর আরও দুই থেকে তিনজন সহযোগী তারেকের কাছ থেকে ২০ হাজার টাকা, মুঠোফোন কেড়ে নেন। তাঁরা আরও ২ লাখ টাকা আনতে তারেককে কুমিল্লার বাড়িতে ফোন করতে বলেন। ফোন করতে অস্বীকৃতি জানালে তাঁরা তারেককে মারধর করেন। একপর্যায়ে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা চালানো হয়। ভয়ে তিনি চিৎকার দেন। তাঁর চিৎকার শুনে পথচারীরা এলে শাহজালাল ও তাঁর সহযোগীরা দৌড়ে পালাতে থাকেন। পথচারীরাও চিৎকার দিয়ে তাঁদের ধাওয়া করেন। পরে আশপাশের লোকজন এসে শাহজালালকে আটক করে পুলিশে দেন। অন্যরা পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তারেককে উদ্ধার করে উপজেলার কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রে নিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ছোরা, খালি বস্তা ও রশি উদ্ধার করে পুলিশ।

ঘটনার পর থেকে শাহজালালের পরিবারের লোকজন পলাতক রয়েছেন। তারেক বলেন, ‘আমাকে বিয়ের নিমন্ত্রণ দিয়ে গাইবান্ধায় ডেকে আনা হয়। গতকাল সকালে বন্ধুর বাড়িতে গিয়ে দেখি বিয়ের অনুষ্ঠানের কোনো চিহ্ন নেই। পরে আমাকে ওই ঘরে নিয়ে ২০ হাজার টাকা কেড়ে নিয়ে আরও ২ লাখ টাকার জন্য বাড়িতে ফোন করতে বলা হয়। ফোন দিতে না চাওয়ায় তাঁরা আমাকে মারধর ও হত্যার চেষ্টা চালান।’ কঞ্চিবাড়ী পুলিশ তদন্তকেন্দ্রের এসআই মোকলেছুর রহমান বলেন, জিজ্ঞাসাবাদে শাহজালাল টাকা কেড়ে নেওয়া ও হত্যাচেষ্টার কথা স্বীকার করেছেন।

নীলফামারীতে সিপিবির সম্মেলন

শ্রীদাম দাস সভাপতি, আতিয়ার সম্পাদক

বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নীলফামারীর অষ্টম জেলা সম্মেলন গতকাল বুধবার নীলফামারী শহরের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টার দিকে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন সিপিবির প্রেসিডিয়াম সদস্য রফিকুজ্জামান লায়েক।

সম্মেলনে জেলা সিপিবির সভাপতি শ্রীদাম দাস সভাপতিত্ব করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য মিহির ঘোষ। আরও বক্তব্য দেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি তপন চন্দ্র রায়, জেলা সিপিবির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, ডোমার উপজেলা সিপিবির সভাপতি মফিজার রহমান, সৈয়দপুর উপজেলা সিপিবির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, জেলা সিপিবির প্রবীণ নেতা আবদুর রহিম, রেল শ্রমিক ইউনিয়নের নেতা আমিনুর রহমান প্রমুখ।

এর আগে শহীদ মিনার চত্বর থেকে জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, সাম্রাজ্যবাদ, লুটপাট ও দুর্নীতিবিরোধী একটি শোভাযাত্রা বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন সিপিবির নেতা-কর্মীরা। পরে সেখানে শ্রীদাম দাসকে পুনরায় সভাপতি ও আতিয়ার রহমানকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট সিপিবির নীলফামারী জেলা কমিটি ঘোষণা করা হয়। সম্মেলনে জেলার ছয় উপজেলার সিপিবির নেতা-কর্মীরা অংশ নেন।

তথ্য অধিকার দিবসে নানা কর্মসূচি

সারা দেশের বিভিন্ন স্থানে গতকাল বুধবার শোভাযাত্রা, আলোচনাসহ নানা কর্মসূচিতে তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।

আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

নীলফামারী: দিবসটি পালনে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসন ও টিআইবির সচেতন নাগরিক কমিটির আয়োজনে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে শহরের উন্মুক্ত মঞ্চে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবিব। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক। বক্তব্য দেন নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ লায়লা আরজুমান্দ বানু, সহকারী পুলিশ সুপার জাকারিয়া রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, সদর উপজেলার ইউএনও শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি সফিকুল আলম, তথ্য মেলা কমিটির আহ্বায়ক তাহমিনুল হক, টিআইবির উপব্যবস্থাপক হোজ্জাতুল ইসলাম, ব্র্যাক প্রতিনিধি রইচ উদ্দীন, টিআইবির নীলফামারী এলাকা ব্যবস্থাপক সাজেদুর রহমান প্রমুখ। এর আগে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক দুই দিনব্যাপী তথ্য অধিকার মেলার উদ্বোধন করেন।

ঠাকুরগাঁও: দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও প্রেসক্লাবের যৌথ আয়োজনে গতকাল সকাল ১০টার দিকে জেলা প্রশাসন চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা হয়। সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আ ফ ম ফজলে রাব্বি। বক্তব্য দেন ঠাকুরগাঁও সরকারি কলেজের উপাধ্যক্ষ আবু বক্কর সিদ্দীক, সদর উপজেলার ইউএনও আশরাফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব, ডেইলি স্টার-এর জেলা প্রতিনিধি কামরুল ইসলাম প্রমুখ।

পঞ্চগড়: জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সকালে আলোচনা সভার আয়োজন করে। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন এসপি গিয়াসউদ্দিন আহমদ। জেলা তথ্য অফিসার রেজাউল করিম সিদ্দিকী মূল প্রবন্ধ উপস্থাপন করেন।

চাকরি দেওয়ার নামে প্রতারণা

গাইবান্ধায় এক তরুণকে পুলিশে চাকরি দেওয়ার কথা বলে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিনজনকে গত মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে দুই লাখ টাকা। এ ঘটনায় মামলা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন গাজীপুরের জয়দেবপুরের হামিদুর রহমান (২৮), আবু হানিফ (৩২) ও হানিফ মিয়া (২৫)। এ সময় গোপালগঞ্জের শেখ ওয়াহেদুজ্জামান (৪৫) পালিয়ে যান।

পুলিশ সূত্র জানায়, ওয়াহেদুজ্জামানের সঙ্গে গত ২৪ জানুয়ারি গাইবান্ধা পুলিশ লাইনের সামনে শহরের পূর্বপাড়ার বাসিন্দা এনামুল হকের পরিচয় হয়। এনামুলের ছেলে বাবুলকে সাত লাখ টাকায় পুলিশে চাকরি দেবে মর্মে স্ট্যাম্পে চুক্তি করেন ওয়াহেদুজ্জামান। এ সময় ওয়াহেদুজ্জামানের সঙ্গে আরও কয়েকজন ছিলেন। এনামুল ওই দিন রাতেই আড়াই লাখ টাকা তাঁদের দেন। গত রোববার গাইবান্ধায় কনস্টেবল নিয়োগে বাছাই হয়। গত সোমবার অবশিষ্ট সাড়ে চার লাখ টাকা প্রদানে তাঁরা এনামুলকে চাপ দেন। বিষয়টি এনামুলের সন্দেহ হলে তিনি ঘটনাটি পুলিশকে জানান। পরে পুলিশ তাঁদের শহরের পূর্বপাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে।

বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত

নীলফামারী ও পঞ্চগড়ে গতকাল বুধবার বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে নীলফামারী জেলা প্রাণিসম্পদ বিভাগ ও জেলা স্বাস্থ্য বিভাগের যৌথ উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে সকাল নয়টার দিকে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শাহজালাল খন্দকার। বক্তব্য দেন জেলা স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আবদুল কাদের, প্রাণিসম্পদ কর্মকর্তা হাফিজুল ইসলাম প্রমুখ।

এদিকে গতকাল সকালে পঞ্চগড়ে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় জেলার পাঁচ উপজেলার প্রাণিসম্পদ বিভাগের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারী, খামারমালিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা দেবাশীষ দাশের সভাপতিত্বে আলোচনা সভা হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন এসপি গিয়াসউদ্দিন আহমদ ও সিভিল সার্জন পীতাম্বর রায়। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন রণজিৎ চন্দ্র সিংহ। বক্তব্য দেন সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুস সোবহান, পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার, সাংবাদিক আবদুর রহিম প্রমুখ।

পাটগ্রামের সাত ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল গত রোববার ঘোষণা করেছে নির্বাচন কমিশন। এই সাত ইউনিয়নে বিলুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। যাচাই-বাছাই ৭ অক্টোবর, প্রত্যাহার ১৪ অক্টোবর এবং ভোট গ্রহণ ৩১ অক্টোবর। ওই সাত ইউনিয়ন হলো পাটগ্রাম সদর, কুচলিবাড়ি, জগৎবেড়, বাউড়া, জোংড়া, শ্রীরামপুর ও বুড়িমারী।

পাটগ্রাম উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম বলেন, সাতটি ইউনিয়নে বিলুপ্ত ছিটমহল অন্তর্ভুক্ত হওয়ায় ছিটমহলবাসী এবার ভোট দিতে পারবেন।

গতকাল বুধবার বিকেলে উপজেলার ১১৯, ১১২ ও ১৫ নম্বর বাশঁকাটা ছিটমহল এবং ১৪ নম্বর লতামারী ছিটমহলে গিয়ে দেখা যায়, বাসিন্দারা নির্বাচনের খবরে বেশ খুশি। মাঠে-ঘাটে-রাস্তা ও বাড়ির উঠানে দলবদ্ধ হয়ে নির্বাচন নিয়ে তাঁরা আলোচনায় মেতেছেন। এ সময় ছিটমহলের বাসিন্দা রফিকুল ইসলাম (৫০) বলেন, ‘হামরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক হইনো বাহে। এলা ভোটও দিবার পামো। আগোত (আমাদের) প্রতিবেশী ভাইয়ের ঘোর ভোটের সময় ভোট দিবার যায়, আর হামরা খালি দেখি। মনত ভোট দিবার জাগে। এলা নিজেই মনের ভোট দিবার যামো বাহে, মনের মতোন মানষিকে (মানুষ) ভোট দিবার পামো। চেয়ারম্যন, মেম্বার পামো। এলা হামার জন্য আনন্দের আর শেষ নাই।’

৪২ বছর বয়সী নূরনাহার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তাঁর ভাষায়, ‘কী কমো বাহে! দেখেছেন না বাহে, হামরা বাংলাদেশি হইছি! এ জন্য আনন্দ-উল্লাস করিছি। এলা হামরা ভোটার হইছি!’

বাশঁকাটার বৃদ্ধ বাহের আলী (৬০) বলেন, ‘বাহে ভোটার হওয়ার পাওয়ায় জীবনে একটি তিরিপ্তি (তৃপ্তি) পানুং। ছিটমহল থাকা অবস্থাত কখনো চিন্তাও করং নাই যে ভোট দিবার পাইম। সেই আশা এলা পূরণের পথে। ভোটার তালিকায় নাম যখন হইছে, উঠিছে—এবার ভোট দিবার পাইম।’

এ ব্যাপারে জানতে চাইলে লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফজলুল করিম বলেন, ওই সাত ইউনিয়নে বিলুপ্ত ছিটমহল রয়েছে। এ কারণে নির্বাচন স্থগিত করেছিল নির্বাচন কমিশন। তবে নতুন তফসিল অনুযায়ী আগামী ৩১ অক্টোবর ভোট হবে।

সংক্ষেপ

জঙ্গিবাদবিরোধী সভা

সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদবিরোধী জনমত গঠনের লক্ষ্যে এক আলোচনা সভা গতকাল বুধবার দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা তথ্য অফিস এ সভার আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার গিয়াসউদ্দিন আহমদ, সিভিল সার্জন পীতাম্বর রায়। সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আলমগীর শিকদার, পরস্পরের নির্বাহী পরিচালক আকতারুন নাহার, সাংবাদিক আবদুর রহিম প্রমুখ বক্তব্য দেন। সভায় জনপ্রতিনিধি, এনজিও প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। পঞ্চগড় প্রতিনিধি

মানববন্ধন

জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে গতকাল বুধবার সকালে দিনাজপুরের নবাবগঞ্জে মহিলাবিষয়ক কার্যালয়ের আয়োজনে মানববন্ধন হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদের সামনে বিরামপুর-নবাবগঞ্জ সড়কে ওই মানববন্ধনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান পারুল বেগম, মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

লাশ উদ্ধার

রংপুরের কাউনিয়া উপজেলায় গত মঙ্গলবার রাত একটার দিকে আজিজুল হক (১৭) নামের এক অটোরিকশাচালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ মাঠ থেকে আজিজুলের লাশ উদ্ধার করা হয়। আজিজুল উপজেলার বালাপাড়া ইউনিয়নের হলদিবাড়ি গ্রামের শহিদুল হকের ছেলে। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা আজিজুলকে হত্যার পর ঈদগাহ মাঠে তার লাশ ফেলে রাখে। ঘটনাস্থলের অদূরেই তার অটোরিকশাটি পড়ে ছিল। এ ঘটনায় আজিজুলের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের নামে একটি হত্যা মামলা করেছেন। নিজস্ব প্রতিবেদক, রংপুর