পাটচাষিদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শ্রমিকদের মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে বগুড়ার শিবগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের চাষি আশরাফুল আলম (৪৫) তাঁর খেতের পাট কাটতে শুরু করেছেন। ফলনের বরকত কামনায় এ মিষ্টিমুখ। চোখে-মুখে তাঁর খুশির ঝিলিক। বললেন, ‘এবার ফলনডা হচে ভালো। আর দামডাও ফাটাফাটি।’
এবার পাটের দাম নিয়ে আশরাফুল আলমের মতো সব পাটচাষিই মহাখুশি। দীর্ঘদিন কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশ কৃষকের মুখে এবার হাসি ফিরেছে। এখন প্রতি মণ পাট ২ হাজার ১০০ টাকার বেশি দামে বিক্রি হচ্ছে।
উপজেলার সাত-আটজন পাটচাষি জানান, দুই বছর ধরে পাটের দাম বেশি হওয়ায় অনেক কৃষক আবার পাট চাষে আগ্রহ দেখাচ্ছেন। যাঁরা একেবারে পাট চাষ ছেড়ে দিয়েছিলেন, তাঁরাও স্বল্প পরিসরে পাট চাষ করছেন।
গত বৃহস্পতিবার উপজেলার তিন গ্রাম ঘুরে পাটচাষিদের ব্যস্ততা চোখে পড়ে। লক্ষ্মীপুর গ্রামের পাটচাষি জাফর আলী (৪৫) বলেন, তিনি পাটের চাষ ছেড়েই দিয়েছিলেন। গত দুই বছর অন্য কৃষকদের পাট চাষে লাভ করতে দেখে এবার তিনি দেড় বিঘা জমিতে পাটের চাষ করেন। ফলন ও দামও ভালো পেয়েছেন। এখন থেকে তিনি আরও বেশি পরিমাণ জমিতে পাটের চাষ করবেন।
উপজেলার মালাহার গ্রামের পাটচাষি তমিজ উদ্দিন (৫০) বলেন, এ বছর তিনি তাঁর এক বিঘা জমিতে পাট চাষ করেন। জমি চাষ, সার, আগাছা পরিষ্কার, পাট কাটাসহ বিভিন্ন খাতে তাঁর খরচ হয় প্রায় ৭ হাজার টাকা। ওই জমির উৎপাদিত পাট বিক্রি করে পেয়েছেন ১৯ হাজার টাকা।
উপজেলার মোকামতলা বাজারের পাটের পাইকার গিয়াস উদ্দিন বলেন, তাঁরা বর্তমানে কৃষকদের প্রতি মণ পাটে ২ হাজার ২০০ টাকা পর্যন্ত দাম দিচ্ছেন। বাজারে যদি পাটের দাম এ রকম থাকে, তবে কৃষকের পাশাপাশি তাঁদেরও লাভ হবে। তিনি আরও বলেন, পাটের আঁশ থেকে তৈরি পণ্যের চাহিদা বাড়ায় দেশে পাটের চাহিদা বেড়েছে।
উপজেলা কৃষি কার্যালয়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, চলতি মৌসুমে এ উপজেলার ৫০০ হেক্টর জমিতে পাট চাষ করা হয়। পাট চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে বিভিন্ন পরামর্শ ও সহায়তা দিয়ে যাচ্ছেন তাঁরা। এ বছর পাট চাষের অনুকূল আবহাওয়া ছিল। আবার তাঁরা দামও ভালো পাচ্ছেন।