পাটজাত পণ্য মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করে বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটজাত পণ্য মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করে গতকাল রোববার জাতীয় সংসদে একটি বিল পাস হয়েছে। বিলটি হলো পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিল, ২০১০। এ ছাড়া বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল, ২০১০ গতকাল পাস হয়।এ বিল দুটির ওপর স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিম জনমত যাচাই-বাছাই কমিটিতে পাঠানো এবং সংশোধনীর প্রস্তাব দিলে তা কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।পাটজাত পণ্য মোড়কের বাধ্যতামূলক ব্যবহারসংক্রান্ত বিলটি উত্থাপন করেন বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, পরিবেশদূষণ রোধ ও পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর লক্ষ্যে বিলটি আনা হয়েছে। প্রতিবেশী দেশ ভারতে মোড়কীকরণ কাজে পাটজাত পণ্যের ব্যবহার বাধ্যতামূলক করে ১৯৮৭ সালে আইন হয়েছে। কিন্তু বাংলাদেশে এ বিষয়ে কোনো আইন হয়নি।এ আইনে বলা হয়েছে, কোনো ব্যক্তি এই আইনের অধীন বিধি দ্বারা নির্ধারিত পণ্য পাটজাত মোড়ক ব্যতীত বিক্রি বা বিতরণ করতে পারবেন না। বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল, ২০১০ উত্থাপন করেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক। বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, বিদ্যুতের ঘাটতির কারণে কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও গৃহস্থালি কাজ ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এ নিয়ে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। এ অবস্থায় বিদ্যুৎ ও জ্বালানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য বিলটি আনা হয়েছে।আইনের বিধান অনুযায়ী, সরকার এবং সরকারের মালিকানাধীন সব প্রতিষ্ঠান বিদ্যুৎ বা জ্বালানির উৎপাদন বাড়ানো এবং বিদেশে থেকে বিদ্যুৎ আমদানির জন্য যেকোনো ধরনের পরিকল্পনা নিতে পারবে। এ ছাড়া গতকাল সংসদে আগে উত্থাপিত চারটি বিলের ব্যাপারে সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। এ বিলগুলো হলো আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বিল, ২০১০; প্রবাসী কল্যাণ ব্যাংক বিল, ২০১০; পরিবেশ আদালত বিল, ২০১০ ও জলবায়ু পরিবর্তন বিল, ২০১০।