পাটজাত মোড়কের ব্যবহার বাড়াননি ব্যবসায়ীরা
মোট ১৭টি পণ্য সংরক্ষণ, সরবরাহ ও মোড়কীকরণে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হলেও বেসরকারি কোম্পানিগুলো পণ্যে প্লাস্টিকের বস্তার ব্যবহার করা হচ্ছে। ১৫ মে (সোমবার) থেকে পাটের বস্তা ব্যবহার নিশ্চিত করতে বিশেষ অভিযান পরিচালনার জন্য গত শনিবার গণবিজ্ঞপ্তি দিয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। তবে, গত চার দিন রাজধানীর বিভিন্ন বাজার ও আড়ত ঘুরে দেখা গেছে, পাটজাত বস্তার ব্যবহারে সরকারের সিদ্ধান্ত বেসরকারি কোম্পানি ও খুচরা ব্যবসায়ী, কেউই মানছেন না। ব্যবসায়ীরা বলছেন, পাটের বস্তার সরবরাহ কম থাকায় তাঁরা প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন।

সরেজমিনে রাজধানীর নিউমার্কেট, বাদামতলী ঘাট ও কারওয়ান বাজারসহ অন্তত ছয়টি বাজার ঘুরে দেখা গেছে, বাজারে প্রচলিত প্লাস্টিক বা পলিথিনের বস্তায় আটা, ময়দা, চিনি, ডাল, সার, চাল, আদা, রসুন ও পেঁয়াজ মোড়কজাত করা হচ্ছে। এসব পণ্যের মধ্যে শুধু চালের বস্তার ক্ষেত্রে পাটের বস্তার ব্যবহার বেড়েছে। এ ছাড়া অন্যান্য পণ্যে আগের মতোই প্লাস্টিকের বস্তা ব্যবহার করা হচ্ছে।
বাজারে যেসব পণ্যে প্লাস্টিকের বস্তা ব্যবহার করতে দেখা গেছে, সেগুলোর বেশির ভাগ আটা, ময়দা, সুজি, ডাল, চিনি, আদা, রসুন, পেঁয়াজ ও লবণজাতীয় পণ্য। দেশের প্রায় সব বেসরকারি কোম্পানির পণ্যে প্লাস্টিকের বস্তার ব্যবহার দেখা গেছে। প্লাস্টিকের বস্তা ব্যবহার বিষয়ে সিটি গ্রুপের মহাব্যবস্থাপক বিশ্বজিৎ সাহা প্রথম আলোকে বলেন, ‘সুপ্রিম কোর্টের কাছ থেকে ছয় মাসের স্থগিতাদেশ নেওয়া হয়েছে। তাই প্লাস্টিকের বস্তার ব্যবহার করছি।’ তিনি অভিযোগ করেন, তাঁদের বস্তার প্রয়োজন হয় আড়াই থেকে তিন কোটি। আর বাংলাদেশ পাটকল করপোরেশন উৎপাদন (বিজেএমসি) করে ৩০ থেকে ৩৫ লাখ। এ অবস্থার কারণে তাঁরা প্লাস্টিকের বস্তা ব্যবহার করছেন।

এ অভিযোগ বিষয়ে বিজেএমসি চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, বস্তা উৎপাদনে তাঁদের সীমাবদ্ধতা আছে, এটা সত্য। কিন্তু কোনো কোম্পানি এখনো তাঁদের কাছে চাহিদা দেয়নি। চাহিদা পেলে প্রয়োজনে অন্যান্য পণ্য উৎপাদন সীমিত করে ব্যবসায়ীদের জন্য পাটের বস্তা সরবরাহ করা হবে। তবে হাইকোর্টের এমন নির্দেশনা পাননি বলে জানিয়েছেন বিজেএমসি চেয়ারম্যান মাহমুদুল হাসান।
বাজারে স্মৃতি ফ্লাওয়ার মিলস, পারভেজ সুপার ডাল, সোনারগাঁও ফ্লাওয়ার মিলস, পদ্মা ফ্লাওয়ার মিলস, মেসার্স টু স্টার ডাল মিল, সততা ট্রেডার্স অ্যান্ড ডাল মিল, টমেটো মসুর ডাল, মেঘনা গ্রুপের ফ্রেশ চিনি, আটা-ময়দা, সিটি গ্রুপের তীর আটা-ময়দা, চিনি ও সুজি, ইগলু চিনিসহ আরও অনেক প্রতিষ্ঠানের পণ্যে প্লাস্টিকের বস্তার ব্যবহার করা হচ্ছে।

এ ছাড়া আদা, হলুদ, রসুন ও পেঁয়াজের ক্ষেত্রেও পাটের বস্তা ব্যবহারের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে প্লাস্টিকের বস্তা। এ ব্যাপারে পাইকারি ব্যবসায়ীদের বক্তব্য, একটি পাটের বস্তার বিপরীতে তাঁরা প্রায় চারটি প্লাস্টিকের বস্তা কিনতে পারেন। এ কারণে তাঁদের লাভ হয় বেশি। প্রয়োজন অনুসারে পাটের বস্তা না পাওয়ার কথাও জানিয়েছেন ব্যবসায়ীরা।
সরকারের সিদ্ধান্তে খুশি হয়েছিলেন অনেক পাটকলের মালিক। কিন্তু এখনো প্লাস্টিকের বস্তায় চাল বিপণন হওয়ায় হতাশ তাঁরা। ২০১০ সালে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক করে আইন করা হয়। সরকারিভাবে ধান, চাল ও গম বাজারজাত করার ক্ষেত্রে খাদ্য অধিদপ্তর এখন শতভাগ পাটের বস্তা ব্যবহার করে। কিন্তু বেসরকারি কোম্পানির মালিকেরা আইনটি উপেক্ষা করে যাচ্ছেন।
হাতিরপুল বাজারে মো. দেলোয়ার হোসেন নামের একজন খুচরা ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, ‘বস্তা যেমনই হোক, আমাদের তো কোনো সমস্যা নাই। কোম্পানি বস্তা না পাল্টাইলে আমরা কী করব।’

১৫ মের বিশেষ অভিযান কার বিরুদ্ধে পরিচালিত হবে, জানতে চাইলে বিজেএমসির চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘সবার বিরুদ্ধে অভিযান পরিচালিত হবে। খুচরা ব্যবসায়ীরা পণ্য না রাখলে তো কোম্পানি সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য। যেকোনো এক দিক থেকে তো শুরু করতেই হবে।’ যদিও উচ্চ আদালতের নির্দেশে ১৮ মে পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা যাবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয় ২০১৫ সালের ১৭ ডিসেম্বর ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহারের নির্দেশ দিয়ে আদেশ জারি করে। এরপর গত জানুয়ারিতে দুই দফায় আদেশ দিয়ে আরও ১১টি পণ্যসহ মোট ১৭টি পণ্যের মোড়ক হিসেবে পাটের ব্যবহার বাধ্যতামূলক করা হয়। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের ছাপানো গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ১৭টি পণ্যে পাটের মোড়ক ব্যবহার না করলে অনূর্ধ্ব এক বছর বা অনধিক ৫০ হাজার টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত করা হবে।