পাটজাত মোড়কের সীমিত ব্যবহার
নির্ধারিত কিছু পণ্যে পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক হলেও অনেকেই তা মানছে না।
বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) সূত্র জানায়, খাদ্য অধিদপ্তর ধান, চাল ও গমের ক্ষেত্রে শতভাগ পাটের বস্তা ব্যবহার করছে। সরকারি সার কারখানা ও চিনিকলগুলো এখনো ব্যবহার শুরু করেনি। এসব প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। তবে বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা মালিক এখনো পর্যন্ত বস্তা কেনার ব্যাপারে উৎসাহ দেখায়নি।
পাট মন্ত্রণালয় ও বিজেএমসি সূত্র জানায়, ২০১০ সালের ৩ অক্টোবর পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার বাধ্যতামূলক করা সংক্রান্ত আইন পাস হয়। পরিবেশ দূষণ রোধ ও পাট ব্যবসার সম্প্রসারণের লক্ষ্যে এ আইন পাস করা হয়। আইনটি কার্যকরের জন্য বিভিন্ন সময় খাদ্যপণ্য ও সিনথেটিক ব্যাগ ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছে বিজেএমসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। তাঁদের স্বার্থের কথা বিবেচনা করে ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আইনের কার্যকারিতা শর্তসাপেক্ষে শিথিল করা হয়। ২০১৪ সালের ১ জানুয়ারি থেকে ব্যবসায়ীদের ক্ষেত্রে আইনটি বাধ্যতামূলক করা হয়। সংশ্লিষ্ট সূত্র মতে, কিন্তু এরপর আড়াই মাসেও চিত্র বদলায়নি।
২০১০ সালের আইনে বলা হয়েছে, ‘এ আইন কার্যকর হইবার পর কোনো ব্যক্তি, এই আইনের অধীন প্রণীত বিধি দ্বারা নির্ধারিত পণ্য পাটজাত মোড়ক দ্বারা মোড়কজাতকরণ ব্যতীত বিক্রয়, বিতরণ বা সরবরাহ করতে পারিবেন না বা করিবার অনুমতি প্রদান করিতে পারিবেন না।’
শুরুতে ধান, চাল, গম, চিনি, সার ও ভুট্টার পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। ধান, চাল ও গমের ক্ষেত্রে শতভাগ পাটের বস্তা ব্যবহার করতে হবে। দেশে উৎপাদিত ও আমদানি করা সব সারের মোড়কজাতকরণে বাধ্যতামূলকভাবে শতকরা ৫০ ভাগ পাটের বস্তা ব্যবহার করতে হবে। চিনির ক্ষেত্রেও শতকরা ৫০ ভাগ লেমিনেটেড পাটের বস্তা ব্যবহার করতে হবে। এ ছাড়া ভুট্টার মোড়ক হিসেবে শতভাগ পাটের বস্তা ব্যবহার করতে হবে।
চট্টগ্রামের পণ্যের বড় বাজার খাতুনগঞ্জ ও চাক্তাই গিয়ে দেখা যায়, এখনো ব্যবসায়ীরা সিনথেটিক ব্যাগ ব্যবহার করছেন। এ জন্য চাতাল ও মিলের মালিকদের ওপর দোষ চাপান তাঁরা।
যোগাযোগ করা হলে নওগাঁর মেসার্স খারিমা মডার্ন অটো রাইস মিলের মালিক আবুল কালাম আজাদ বলেন, ‘পাটের বস্তার দাম খুব বেশি। একটা পাটের বস্তার দামে দুটি সিনথেটিক ব্যাগ কেনা যায়। যদিও পাটের বস্তা কয়েকবার ব্যবহার করা যায়। কিন্তু পাইকারি ব্যবসায়ীরা পুরোনো বস্তায় চাল নিতে রাজি হবেন না। তাঁরা প্রতিবারই নতুন ব্যাগ চান।’
বিজেএমসির চেয়ারম্যান হুমায়ূন খালেদ প্রথম আলোকে বলেন, ‘দাম কিছুটা বেশি এটি সত্য। তবে বস্তার একাধিকবার ব্যবহার সম্পর্কে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মানসিকতার পরিবর্তন করতে হবে।’
বিজেএমসি সূত্র জানায়, বর্তমানে খাদ্য অধিদপ্তরের পুরো বছরের চাহিদা চার থেকে সাড়ে চার কোটি বস্তা। আর পুরো দেশের চাহিদা কয়েক গুণ বেশি।
বিজেএমসির চেয়ারম্যান বলেন, ‘বছরে দেশে প্রায় ৫০ থেকে ৬০ কোটি বস্তা ব্যবহার করা হয়। এর পুরোটা উৎপাদনের ক্ষমতা আমাদের আছে।’
বেসরকারি পাটকল মালিকদের সমিতি বাংলাদেশ জুট মিল অ্যাসোসিয়েশনের সচিব এ বারিক খান বলেন, ‘১৯৮৭ সাল থেকে ভারতে এ আইনটি কার্যকর আছে। অথচ আমাদের দেশে তিন বছরেও এটি কার্যকর করা যায়নি। আইনটি বাস্তবায়িত হলে পাটকলগুলো বেঁচে যাবে।’
পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাসিমা বেগম প্রথম আলোকে বলেন, ‘আইন অমান্যকারীদের ৫০ হাজার টাকা জরিমানাসহ শাস্তির বিধান রাখা হয়েছে। তবে শুরুতে আমরা কঠোর হচ্ছি না। আইন মানতে উৎসাহিত করছি, সচেতন করার চেষ্টা করছি। তবে আগামী কয়েক মাসে এটি কেউ না মানলে তখন ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করা হবে।’