পাটপণ্যে দিনবদলের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ হোটেলে পাটপণ্য মেলায় নিজের তৈরি করা পণ্য ক্রেতাদের দেখাচ্ছেন আছিরন নেছা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের আগ্রাবাদ হোটেলে পাটপণ্য মেলায় নিজের তৈরি করা পণ্য ক্রেতাদের দেখাচ্ছেন আছিরন নেছা। ছবিটি গতকাল দুপুরে তোলা l প্রথম আলো

৪১ বছর আগের কথা। কৈশোর পেরোনোর আগেই স্বামীর ঘরে যেতে হয়েছিল রংপুরের মিঠাপুকুর ইউনিয়নের আছিরন নেছাকে। স্বামী বর্গা চাষ করতেন। বিয়ের বছর তিনেক পরে অসুস্থ হয়ে পড়েন তিনি। সংসার চালাতে আছিরন বেগমকেই তাই হাতে তুলে নিতে হয় সুই-সুতা। সেলাইয়ের কাজ করেই দুই মেয়েসহ চারজনের সংসার চালিয়েছেন তিনি। যদিও সংসারে অভাব ছিল নিত্যসঙ্গী। ২০০৭ সাল পর্যন্ত সেলাই ছিল তাঁর আয়ের একমাত্র উৎস।
এখন আছিরনের দিন বদলেছে। পাটজাত পণ্য উৎপাদন ও বিক্রি করে মাসে গড়ে ২০ হাজার টাকার বেশি লাভ থাকে। নিজের জমানো টাকায় ৪০ শতক চাষের জমি কিনেছেন। তাঁর কারখানায় নিয়মিত কাজ করছেন ৪৬ জন নারী। গ্রামের আরও শ পাঁচেক নারীকে প্রয়োজনমতো পণ্য তৈরির কাজে লাগাচ্ছেন। পাট দিয়ে তৈরি করছেন ব্যাগ, স্যান্ডেল, পাপশ, শতরঞ্জিসহ ঘর সাজানোর নানা উপকরণ। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা তাঁর কাছ থেকে পণ্য কিনে নিয়ে দূরদূরান্তে বিক্রি করেন।
খুলনা শহরের মিয়াপাড়া সড়কে পাটজাত পণ্য উৎপাদন ও বিক্রির শোরুম রয়েছে মিজানুর রহমানের। বিভিন্ন দেশে পাটপণ্য রপ্তানি করেন তিনি।
আছিরন ও মিজানুরদের মতো ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে চট্টগ্রাম নগরের হোটেল আগ্রাবাদে গতকাল সোমবার শুরু হয়েছে দুই দিনের পাটপণ্য মেলা। বেসরকারি উন্নয়ন সংস্থা কেয়ার বাংলাদেশের ‘সুইচ এশিয়া জুট ভ্যালু চেইন’ প্রকল্পের আওতায় এ মেলা চলছে। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এ প্রকল্পের আওতায় রংপুর, কুড়িগ্রাম, যশোর ও সাতক্ষীরায় দুই হাজার জনকে পাটপণ্য উৎপাদনের প্রশিক্ষণ দেওয়া হয়। ২০ জন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাও এ প্রকল্পের সঙ্গে যুক্ত।

মিজানুর প্রথম আলোকে বলেন, ‘অভাবের কারণে অষ্টম শ্রেণির পর আর পড়াশোনা করতে পারিনি। বাবা একসময় পাট দিয়ে চটের ব্যাগ বানাতেন। ১৩ বছর আগে আমিও ওই কাজ শুরু করি। কিন্তু খুব একটা পয়সা আসত না। পরে সুতার ব্যাগ বানাতে লাগলাম। কিন্তু এখন আবারও পাটের বাজার ভালো হয়েছে। তিন বছর ধরে ভালো ব্যবসা করছি। প্রায় চার শ নারী শ্রমিককে দিয়ে কাজ করাচ্ছি।’

গতকাল সকাল ১১টায় মেলার উদ্বোধন করেন চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি কামরুন মালেক। অনুষ্ঠানে তিনি বলেন, এ ধরনের মেলা নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে উৎসাহিত করবে। ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের ব্যাংক থেকে ঋণ পেতে অনেক সমস্যা হয়। নারী উদ্যোক্তাদের প্রসার ঘটাতে ঋণ পাওয়ার প্রক্রিয়াকে সহজ করতে হবে।

মেলার একটি স্টল থেকে পাটের তৈরি স্যান্ডেল কেনেন সুমনা আক্তার নামের এক দর্শনার্থী। স্টলের মালিক রংপুরের মনছুরা বেগম একগাল হেসে বলেন, চার জোড়া পাটের স্যান্ডেলের মধ্যে তিন জোড়াই মেলা শুরুর এক ঘণ্টার মধ্যে বিক্রি হয়ে গেছে। সাদিয়া তাসনিম নামের আরেক দর্শনার্থী বলেন, পাট দিয়ে যে এত কিছু তৈরি হয় মেলায় না এলে বুঝতে পারতেন না।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উইমেন চেম্বারের পরিচালক আবিদা মোস্তফা, সুইচ এশিয়া জুট ভ্যালু চেইন প্রকল্পের টিম লিডার শেখর ভট্টাচার্য, কারিগরি বিশেষজ্ঞ আরশাদ হোসেন সিদ্দিকী এবং ফাইট ফর উইমেন রাইটসের সভাপতি রেহানা বেগম।

অনুষ্ঠান আয়োজকেরা বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যে কেয়ার বাংলাদেশ পাটজাত পণ্যের বৈচিত্র্যময় ব্যবহার ও বাজার সম্প্রসারণের জন্য এ প্রকল্প পরিচালনা করছে। বাজার সম্প্রসারণের জন্য দেশের বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হচ্ছে। মেলা আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।