পাটবীজচাষিদের মুখে হাসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের পাটবীজচাষি আনারুল ইসলাম গরু দিয়ে পাটবীজ মাড়াই করছেন। ২৭ ডিসেম্বর তোলা ছবি l প্রথম আলো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের পাটবীজচাষি আনারুল ইসলাম গরু দিয়ে পাটবীজ মাড়াই করছেন। ২৭ ডিসেম্বর তোলা ছবি l প্রথম আলো

চাঁপাইনবাবগঞ্জে পাটবীজ উৎপাদনে বাম্পার ফলন হওয়ায় চাষিদের মুখে হাসি ফুটেছে।
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) পাটবীজ বিভাগ জানিয়েছে, গত বছরের চেয়ে এবার কেজিপ্রতি পাঁচ টাকা করে বেশি দাম পাওয়া যাবে। বীজ সংগ্রহের লক্ষ্যমাত্রাও এবার বাড়ানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ বিএডিসির পাটবীজ বিভাগ সূত্রে জানা গেছে, সদর উপজেলার চরাঞ্চলের চরবাগডাঙ্গা ইউনিয়ন পাটবীজ উৎপাদনের বড় এলাকা। এ ছাড়া সদর উপজেলার ইসলামপুর, সুন্দরপুর, শাহজাহানপুর, নারায়ণপুর ও আলাতলী এবং শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর, মনাকষা, উজিরপুর ও কানসাট এলাকাতেও পাটবীজের ভালো ফলন হয়।
বিএডিসির উপসহকারী পরিচালক রায়হান আলী বলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলায় সাতটি কেন্দ্রের অধীনে পাটবীজ উৎপাদনের জন্য ৮০০ জন চুক্তিবদ্ধ চাষি রয়েছেন। পাটবীজ সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২২০ মেট্রিক টন। গত বছর এই লক্ষ্যমাত্রা ছিল ১৬৪ মেট্রিক টন। গত বছর কেজিপ্রতি পাটবীজের দাম ছিল ১১০ টাকা। এবার ধরা হয়েছে ১১৫ টাকা। আশা করা হচ্ছে, লক্ষ্যমাত্রার পুরো পাটবীজ চাষিদের কাছ থেকে সংগ্রহ করা হবে। পাটবীজচাষিরা এবার ভালোই লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।
চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া এলাকায় গিয়ে দেখা যায়, বিস্তৃত এলাকার জমিতে পাটবীজের চাষ করা হয়েছে। কয়েকজন কৃষক জানান, এখানে ৬০ জন চাষি এবার ৫০ একর জমিতে পাটবীজের আবাদ করেছেন। চাকপাড়া এলাকার চাষি মনিরুল ইসলাম ও আনারুল ইসলাম জানান, তাঁরা ১০ বছর ধরে পাটবীজের আবাদ করছেন। কিন্তু এবারের মতো ভালো ফলন আগে হয়নি। অন্যান্য বছরে পাটবীজের একটি ছড়ায় (বৃন্তে) দুই-তিনটির বেশি ফল দেখা যায়নি। কিন্তু এবার একটি ছড়ায় চার-পাঁচটি ফলও ধরেছে। ফলগুলোও বেশ পরিপুষ্ট। কেজিতে পাঁচ টাকা করে বেশি দাম পাবেন বলে জেনে দারুণ খুশি তাঁরা।
আগাম জাতের ও-৯৮৯৭ (তোষা) আবাদ করেছিলেন চাকপাড়ার চাষি নুরুল ইসলাম। তিনি জানান, এর আগে বিঘায় ১০০ কেজি উৎপাদন হয়েছিল। এবার উৎপাদন হয়েছে ১২০ কেজি।
চরবাগডাঙ্গা ইউনিয়নের গড়াইপাড়া, বাখর আলী, গোয়ালডুবি এলাকার কৃষকেরাও পাটবীজের ভালো ফলনের সম্ভাবনার কথা জানিয়েছেন। গোয়ালডুবির চাষি মতিউর রহমান, ফজলুর রহমানসহ কয়েকজন জানান, এবার পাটবীজের বাম্পার ফলন হওয়ায় তাঁরা বেশ খুশি।
বিএডিসি (পাটবীজ), চাঁপাইনবাবগঞ্জের উপসহকারী পরিচালক মাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমি চাঁপাইনবাবগঞ্জে আট বছর ধরে চাকরি করছি। কিন্তু এর আগে পাটবীজের এমন ফলন দেখিনি। এবার পাটবীজ আবাদের জন্য আবহাওয়াও অনুকূলে ছিল।’