পাটমন্ত্রীর বিরুদ্ধে সকালে মামলা, বিকেলে খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী
পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী

হত্যার ভয়ভীতি দেখানোর অভিযোগে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। আসামির বিরুদ্ধে গ্রহণযোগ্য অভিযোগ না থাকায় মামলাটি খারিজ করা হয়েছে বলে আদালত জানান।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আইনজীবী গাজী কামরুল ইসলাম মামলাটি করেন। পরে বিকেলে তা খারিজ করা হয়।
মহানগর হাকিম হাসিবুল হক বাদীর জবানবন্দি নেন। বাদীপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোহাম্মদ আলী।
২৬ আগস্ট জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জাতীয় শোক দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে ও ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে আয়োজিত ‘বঙ্গবন্ধুর শিক্ষাভাবনা: বর্তমান পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল পৃথিবীর সবচেয়ে স্বাধীন ও নিরপেক্ষ। তাই ট্রাইব্যুনালের বিরুদ্ধে যারা হরতাল দেবে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হত্যা করতে হবে। কারণ, হরতালকারীরা আদালত অমান্যকারী ও রাষ্ট্রদ্রোহী।’

এর আগে ১৬ আগস্ট এক আলোচনা সভায় হরতালকারীদের বিরুদ্ধে একই ধরনের হুমকি দেন মন্ত্রী।