পাটলাই নদীতে চাঁদাবাজি
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদী দিয়ে যাতায়াতকারী কয়লা ও চুনাপাথরবাহী প্রতিটি নৌযান থেকে চাঁদা আদায় করা হচ্ছে। উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বাজেটের নামে বিবিধ রসিদ দিয়ে অবৈধভাবে এ চাঁদা আদায় করা হচ্ছে।স্থানীয় লোকজন জানান, প্রতিদিন এ পথে যাতায়াতকারী শতাধিক নৌযান থেকে ৩০০ টাকা হারে চাঁদা আদায় করা হয়। বর্ষায় এ নৌপথে প্রতিদিন ১০টি কার্গোও চলাচল করে। এ সময় প্রতিটি কার্গো থেকে প্রতিদিন ৭০০ টাকা করে চাঁদা আদায় করা হয়। উত্তর শ্রীপুরের বড়ছড়া শুল্ক স্টেশনের কাস্টমস সুপারিনটেনডেন্ট মো. হাবিবুর রহমান জানান, বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে প্রতিবছর ১০ লাখ টন কয়লা ও এক লাখ টন চুনাপাথর ভারত থেকে আমদানি হয়ে থাকে। সড়কপথে যোগাযোগ না থাকায় এ নৌপথ দিয়েই এসব মালামাল দেশের বিভিন্ন জায়গায় পাঠানো হয়।এলাকাবাসী ও ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উত্তর শ্রীপুরের ইউপি চেয়ারম্যান আবুল হোসেন খান প্রভাব খাটিয়ে চাঁদা আদায় করছেন।জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী স্থানীয় সরকার বিভাগের সচিবের কাছে গত ৩ জানুয়ারি একটি চিঠি দেন। চিঠিতে তিনি ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের বিরুদ্ধে মালবাহী কার্গো বা নৌকা থেকে অবৈধভাবে চাঁদা আদায়ের কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯-এর ৩৪(৪)(ঘ) ধারা মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, আবুল হোসেন কার্গো বা নৌকা থেকে চাঁদা আদায় করছেন, এ মর্মে সুপ্রিম কোর্টের আইনজীবী শুজা-আল-ফারুক নোটিশ পাঠিয়েছেন। এ অভিযোগের বিষয়টি জেলা প্রশাসকের কার্যালয়ের একজন সহকারী কমিশনার সরেজমিন তদন্ত করেন। তদন্তে ইউপি চেয়ারম্যান আবুল হোসেনের বিরুদ্ধে প্রতিটি ইঞ্জিনচালিত মালবাহী নৌকা থেকে ২৫০-৩০০ টাকা এবং প্রতিটি কার্গো থেকে ৫০০-৭০০ টাকা আদায়ের সত্যতা পান। বেআইনিভাবে এই চাঁদা আদায়ের কারণে আবুল হোসেনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। অভিযুক্ত আবুল হোসেন লিখিত জবাবে ইউনিয়ন পরিষদের বাজেটের নামে এ টাকা আদায়ের কথা স্বীকার করেন।গত ৩ জানুয়ারি পুলিশ সুপারের কাছেও জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়। চিঠিতে বেআইনিভাবে কার্গো বা নৌকা থেকে চাঁদা আদায় বন্ধকরণসহ আবুল হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়।পাটলাই নদী দিয়ে চলাচলকারী অধিকাংশ নৌযান কিশোরগঞ্জের বাজিতপুর নৌপরিবহন শ্রমিক সমিতির অন্তর্ভুক্ত। সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, পাটলাই নদীর উত্তর শ্রীপুর বাজার এলাকায় প্রতিটি নৌযান থেকে ৩০০ টাকা করে নেওয়া হয়। তবে এখানে এ টাকা পরিশোধ করেন কয়লা ও চুনাপাথর ব্যবসায়ীরা। ইউপি চেয়ারম্যান আবুল হোসেন বলেন, ‘আমি কোনো চাঁদাবাজির সঙ্গে জড়িত নই। আমি কোনো অনৈতিক কাজ করি না।’ তবে জেলা প্রশাসকের চিঠির ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি কিছু জানি না।’তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপারের কাছে পাঠানো চিঠির অনুলিপি তিনি পেয়েছেন।তাহিরপুর থানার উপপরিদর্শক (এসআই) জামাল উদ্দিন জানান, অবৈধ টোল আদায় বন্ধ ও বেআইনি চাঁদা আদায়ে আবুল হোসেনের বিরুদ্ধে পুলিশ সুপারের নির্দেশে তদন্ত করা হচ্ছে।