পাটলাই নদীতে সাত কিমি জুড়ে নৌজট
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে নাব্যতাসংকটের কারণে প্রায় সাত কিলোমিটার দীর্ঘ নৌজটের সৃষ্টি হয়েছে। উপজেলার বাঁশচাতল থেকে বোয়ালমারা পর্যন্ত নদীতে এ জট লেগে আছে। ফলে উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি করা কয়লা নিয়ে এ পথে আটকে আছে প্রায় এক হাজার ২০০ নৌযান। এতে আমদানি-বাণিজ্যে স্থবিরতা সৃষ্টি হয়েছে। কয়লা আমদানিকারকেরা নদীটি খননের আহ্বান জানিয়েছেন।সরেজমিনে গত বুধবার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুরে গিয়ে দেখা যায়, পাটলাই নদীর সাত কিলোমিটার এলাকাজুড়ে শত শত নৌযান আটকে আছে। স্থানীয় বাসিন্দা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফজলু মিয়া জানান, আটকে পড়া নৌযানের সংখ্যা প্রায় এক হাজার ২০০। প্রতিবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পাটলাই নদীর কয়েক কিলোমিটার জুড়ে এ রকম নৌজট সৃষ্টি হয়। এরপর বৃষ্টির সঙ্গে পাহাড়ি ঢল না হলে এ সময় আরও দীর্ঘ হয়। ১৫ বছর ধরে নদীটিতে নাব্যতাসংকট দেখা দিলেও খননের কোনো উদ্যোগ নেই। নাব্যতা দিন দিন কমছে, সৃষ্টি হচ্ছে নৌজট। এতে করে বছরের এই সময়টাতে ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা দেখা দেয়। বেকার হয়ে পড়ে হাজার হাজার শ্রমিক।স্থানীয় জনপ্রতিনিধি, নৌযান চালক ও ব্যবসায়ীরা জানান, নদীতে পানি থাকলে প্রতিটি নৌযানে ৩০০ টন কয়লা পরিবহন করা যায়। কিন্তু নাব্যতাসংকটের কারণে প্রতিটি নৌযানে এখন মাত্র ৭০ থেকে ৮০ টন পরিবহন করা হচ্ছে। তার পরও নৌযান ঠিকমতো চলাচল করতে পারছে না। পাইকরতলা থেকে বাঁশচাতল পর্যন্ত নদীটির পাঁচ কিলোমিটার খনন করলেই এ সমস্যার সমাধান হতে পারে। তা না হলে আগামী চার-পাঁচ বছরের মধ্যেই নদীর এ অংশ দিয়ে বছরের এ সময়টাতে নৌযান চলাচল বন্ধ হয়ে পড়বে। দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, স্বাভাবিকভাবে এ পথটুকু যেতে নৌযানের এক ঘণ্টা সময় লাগে। কিন্তু নাব্যতাসংকটের কারণে বর্তমানে ২৫ দিন পর্যন্ত সময় লাগছে।মা দরদী নামের একটি নৌযানের চালক বাজিতপুরের এমাদ হোসেন জানান, তাঁর কয়লাবোঝাই নৌকাটি ১০ দিন ধরে নদীতে স্থির হয়ে আছে। এ পথটুকু পার হতে আরও কত দিন লাগবে তিনি বলতে পারছেন না। হোযায়ফা নৌপরিবহনের চালক তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের আবদুল করিম বলেন, ‘ভাই, এক ঘণ্টার পথ নয় দিন ধইরা আইটকা আছি। বড় কইরা লেখইন, সরকার যাতে নদী খুইদ্দা (খনন করে) দেয়।’দেশের বৃহত্ কয়লা শুল্ক স্টেশন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া। শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, এ স্টেশন দিয়ে প্রতিবছর সাত লাখ টন কয়লা আমদানি হয়। এতে সরকার ১০০ কোটি টাকা রাজস্ব পায়। এখানে ৪০ হাজার শ্রমিক কাজ করে। শুল্ক স্টেশনের তত্ত্বাবধায়ক আবুল লেইছ চৌধুরী জানান, পাটলাই নদীটির নাব্যতাসংকট না থাকলে রাজস্ব আয় দ্বিগুণ হতো। তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও তাহিরপুর কয়লা আমদানিকারক সমিতির সাবেক সভাপতি আবুল হোসেন খাঁ বলেন, ‘পাটলাই নদীটির ১০ কিলোমিটার এলাকা খনন করলে কয়লা পরিবহন সমস্যার সমাধান হবে। এতে যে পরিমাণ টাকা খরচ হবে, এক বছরের বাড়তি রাজস্ব আয় থেকেই তা উঠে আসবে। তাহিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কয়লা ব্যবসায়ী জনাব আলী বলেন, যে সময় দেশজুড়ে কয়লার চাহিদা বাড়ে তখনই পাটলাই নদীর নাব্যতাসংকটের কারণে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়ে। পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী আমজাদ হোসেন জানান, এ মুহূর্তে নদীটি খননের কোনো পরিকল্পনা নেই।