পাটলাই নদীতে ১২ কিলোমিটার নৌজট
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে ১২ কিলোমিটার দীর্ঘ নৌজটের সৃষ্টি হয়েছে। নদীটির দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর পাইকরতলা থেকে কানামুইয়া বিলের বাঁশচাতল পর্যন্ত পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে নাব্যতাসংকটের কারণে এ নৌজটের সৃষ্টি হয়েছে। এর ফলে উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আমদানি করা কয়লা নিয়ে এ পথে আটকে আছে প্রায় দুই হাজার নৌযান। ব্যবসায়ী ও নৌযান চালকেরা জানান, প্রতিটি নৌযানে ১০০ থেকে ৩০০ মেট্রিক টন পর্যন্ত কয়লা বোঝাই রয়েছে। জানুয়ারি মাসের প্রথম থেকে এ নৌজটের সৃষ্টি হয়েছে। বড়ছড়া শুল্ক স্টেশন সূত্রে জানা যায়, এ স্টেশন দিয়ে প্রতিবছর ভারত থেকে আট লাখ টন কয়লা আমদানি হয়ে থাকে। এতে সরকার ১০০ কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। এ ব্যবসায় ৩০ হাজার শ্রমিক সম্পৃক্ত রয়েছে।সরেজমিনে গতকাল রোববার উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সুলেমানপুর গিয়ে দেখা যায়, নদীটির যতদূর পর্যন্ত চোখ যায় দেখা যায় আটকে পড়া নৌযানের দীর্ঘ সারি। এ নৌজটের কারণে যাত্রীবাহী নৌযান ও উপজেলার বিভিন্ন হাটবাজারে নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনও বন্ধ হয়ে পড়েছে।দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার বলেন, ‘পাটলাই নদীটির বাঁশচাতল থেকে উত্তর তাহিরপুর পর্যন্ত ১২ কিলোমিটার এলাকাজুড়ে এ নৌজটের সৃষ্টি হয়েছে। ব্যবসা-বাণিজ্যের গতি ফিরিয়ে আনতে এবং অকাল বন্যার হাত থেকে ফসল রক্ষার জন্য এ নদীটি খনন আমাদের প্রাণের দাবি।’নদীসংলগ্ন সুলেমানপুর গ্রামের বাসিন্দা দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. হাবুল মিয়া বলেন, প্রতিবছর জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত পাটলাই নদীর কয়েক কিলোমিটার এলাকজুড়ে এ রকম নৌজট সৃষ্টি হয়।অবসরপ্রাপ্ত শিক্ষক কামাল উদ্দিন বলেন, ১৫ বছরেরও অধিক সময় ধরে নদীটিতে নাব্যতাসংকট দেখা দিলেও খননের কোনো উদ্যোগ নেই। বিএম নৌযানের মাঝি দেলোয়ার হোসেন বলেন, ‘আধা ঘণ্টার পথ নয় দিন ধইরা আইটক্যা আছি।’ কয়লা আমদানিকারক লিটন এন্টারপ্রাইজের মালিক গোলাম নবী বলেন, নদীটির নাব্যতাসংকটের কারণে প্রতি টন মাল পরিবহনে এক হাজার টাকা করে অতিরিক্ত লাগছে। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, নদীটির নাব্যতাসংকট দূর করতে প্রয়োজনীয় স্থান যাতে খনন করা হয় সে জন্য একটি প্রস্তাব পানি উন্নয়ন বোর্ডের কাছে পাঠানোর জন্য তৈরি করা হয়েছে।তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, নদীটির দুটি অংশে নয় কিলোমিটার জায়গা খননের জন্য পানি উন্নয়ন বোর্ডকে বার বার বললেও তাদের কোনো উদ্যোগ নেই।২০১০ সালের ১০ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাহিরপুরে এক কৃষক সমাবেশে হাওরপাড়ের এ নদীগুলো খননের কথা বলেছিলেন। এ প্রসঙ্গে স্থানীয় সাংসদ সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ ও ধর্মপাশা) মোয়াজ্জেম হোসেন বলেন, ‘নদীটির খননের জন্য প্রয়োজনীয় কাগজপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দিয়েছি। তবে খননকাজ শুরু হতে সময় লাগবে।’ পানি উন্নয়ন বোর্ড সুনামগঞ্জের উপসহকারী প্রকৌশলী শাহ আলম জানান, ‘এই মুহূর্তে এই নদীটি খননের কোনো পরিকল্পনার কথা আমার জানা নেই।’