পাটশিল্পের উন্নয়নে কৃষকের সহযোগিতা নিতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের প্রধান অর্থকরী ফসলগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পাট। কিন্তু নানা কারণে আজ এই ফসলটি প্রায় বিলুপ্তির পথে। নতুন নতুন পাটবস্ত্র তৈরির মাধ্যমে আমাদের পাটশিল্পকে উন্নত করতে হবে। আর এ জন্য আমাদের কৃষকের সহযোগিতা নিতে হবে। তাঁদের উন্নয়নে কাজ করতে হবে। বর্তমান সরকার পাটের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে নানা পদক্ষেপ গ্রহণ করছে।গতকাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশের সোনালি আঁশ: বাস্তবতা, সম্ভাবনা ও আমাদের করণীয়’ শীর্ষক মুক্ত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জুডিপিস) সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন অ্যাগ্রো এজ এ আলোচনা সভার আয়োজন করে। এ ছাড়া সংগঠনটির উদ্যোগে প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের করিডরে দুই দিনব্যাপী বহুমুখী পাটপণ্যের প্রদর্শনী ও মেলার আয়োজন করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জহির রায়হান মিলনায়তনের করিডরে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী মেলার উদ্বোধন করেন। পরে দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে মুক্ত আলোচনা সভার আয়োজন করা হয়। রসায়ন বিভাগের অধ্যাপক সৈয়দ সফিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, বিশেষ আলোচক হিসেবে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবির উপস্থিত ছিলেন। আলোচনা সভায় আবদুল লতিফ সিদ্দিকী বলেন, ‘সনাতন চট, বস্তা, কার্পেট তৈরি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নতুন নতুন পাটবস্ত্র তৈরির মাধ্যমে আমাদের পাটশিল্পকে উন্নত করতে হবে।’ বেগম মন্নুজান সুফিয়ান বলেন, পাটের জীবনরহস্য উন্মোচনের ফলে পাটের বীজ উৎপাদন বাড়ানো সম্ভব হবে। যার ফলে পাট আবার ফিরে যেতে পারবে সোনালি অতীতে। তিনি বলেন, ‘কৃষকের কথা চিন্তা করে পাটের বহুবিধ ব্যবহার বাড়ানো দরকার। পাটজাত পণ্য ব্যবহার করলে আমাদের দেশীয় পাটশিল্প যেমন রক্ষা পাবে, তেমনি পরিবেশও দূষণের হাত থেকে অনেকাংশে রক্ষা পাবে।’